Home Lead খুলনার ৬ আসনে প্রার্থীদের ব্যয় বিবরণী: জামায়াতের পাঁচ প্রার্থীকে দল দেবে ৪৫...

খুলনার ৬ আসনে প্রার্থীদের ব্যয় বিবরণী: জামায়াতের পাঁচ প্রার্থীকে দল দেবে ৪৫ লাখ টাকা

57

খুলনাঞ্চল ডেস্ক।।
খুলনার ছয়টি আসনের জামায়াতে ইসলামীর পাঁচ প্রার্থী দল থেকে নির্বাচনী খরচ হিসেবে ৪৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির উৎস বিবরণীতে (ফরম-২০) প্রার্থীরা এসব তথ্য দিয়েছেন।

শুধু খুলনা-৩ (মহানগরীর ১-১৫ নম্বর ওয়ার্ড, আড়ংঘাটা ও যোগীপোলের একাংশ) আসনে জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান দল থেকে কত অনুদান পাবেন, তা উল্লেখ করেননি।

নিজস্ব আয়ের বাইরে স্ত্রী, ভাই-বোন, সন্তান, শ্যালক, ভায়রা ভাই, ভাতিজা, আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের স্বেচ্ছাপ্রণোদিত দান ও ধার নিয়ে এই ছয় আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নির্বাচনী ব্যয় মেটানোর পরিকল্পনা করছেন। তাদের জমা দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আসন্ন নির্বাচনে সবচেয়ে কম খরচের পরিকল্পনা করছেন খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি মাত্র ১৪ লাখ টাকা খরচ করবেন। তাঁর অর্থের উৎস ব্যবসা। এ আসনে জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান ২০ লাখ টাকা খরচ করবেন। এর মধ্যে নিজের জমা থেকে ৫ লাখ টাকা খরচ করবেন। এ ছাড়া শ্যালকের ২ লাখ, ভায়রা ভাইয়ের ৪ লাখ, অন্য চার ভাইয়ের ৫ লাখ এবং জামায়াতের তিন নেতা তিন লাখ টাকা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দান করবেন।

সর্বোচ্চ খরচ হবে লবীর: খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনে বিএনপির প্রার্থী আলী আজগর লবী এবার সর্বোচ্চ ব্যয়ের পরিকল্পনা দিয়েছেন। তিনি নিজ ব্যবসার ৩৯ লাখ ৭৭ হাজার টাকা খরচ করবেন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিকল্পনায় ৩০ লাখ টাকা খরচের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে দলীয় অনুদান ১৫ লাখ টাকা, নিজের ব্যবসা থেকে ২ লাখ টাকা, তিন ভাই ও এক বোনের দান ৫ লাখ এবং আরও ৫ ব্যক্তি তাঁকে ৮ লাখ টাকা অনুদান দেবেন।

স্ত্রী-ভাগ্য মঞ্জুর : প্রার্থীদের মধ্যে স্ত্রী ভাগ্য ভালো খুলনা-২ (মহানগরীর ১৬-৩১ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর। তিনি ২৬ লাখ টাকা খরচের পরিকল্পনা জমা দিয়েছেন। এর মধ্যে ১০ লাখ টাকাই দেবেন তাঁর আইনজীবী স্ত্রী সৈয়দা সাবিহা। এ ছাড়া গাড়ি ভাড়া থেকে পাওয়া আয়ের ৮ লাখ ও বিএনপি নেতা জলিল খান কালাম তাঁকে ৮ লাখ টাকা দিবেন। এ আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ২৫ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে নিজের আইন পেশা থেকে আসবে ১০ লাখ টাকা। বাকি টাকার মধ্যে স্ত্রী, ভাই ও বোনের স্বেচ্ছাপ্রণোদিত দান ৩ লাখ; আরও পাঁচ ব্যক্তির ৭ লাখ এবং জামায়াতের তহবিল থেকে আসবে ৫ লাখ টাকা।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ২১ লাখ টাকা খরচের পরিকল্পনা দিয়েছেন। এর মধ্যে ১০ লাখ টাকা আসবে নিজের ব্যবসা ও সম্মানী থেকে। ভাই ও ভাতিজা অনুদান হিসেবে দেবেন ১১ লাখ টাকা। এ আসনে জামায়াত প্রার্থী কবিরুল ইসলামের ৩৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা আছে। এর মধ্যে ১৫ লাখ টাকাই অনুদান দেবে জামায়াতে ইসলামী। নিজস্ব তহবিল থেকে দুই লাখ টাকা ও ভাই-ভাতিজারা তাঁকে আরও ১৫ লাখ টাকা দেবেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ২৫ লাখ টাকা ব্যয় করবেন। নিজস্ব তহবিল থেকে ১০ লাখ, ভাই ও বোনেরা দেবেন ৫ লাখ, আরেক আত্মীয় ২ লাখ টাকা অনুদান দেবেন। ভায়রা ভাইয়ের কাছ থেকে তিনি ৫ লাখ টাকা ও খায়রুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ধার নেবেন। এখানে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী ২০ লাখ টাকা খরচ করবেন। পাঁচ লাখ টাকা তাঁকে অনুদান দেবে দল। বাকি টাকা নিজের ব্যবসা, ভাই ও ছেলের কাছ থেকে নিচ্ছেন তিনি।

খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনে বিএনপির মনিরুল হাসান বাপ্পী নিজের ব্যবসা থেকেই ২৫ লাখ টাকা খরচ করবেন। জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ সাড়ে ১৫ লাখ খরচ করবেন। এর মধ্যে নিজের ব্যবসা থেকে পাঁচ লাখ ও দল ৫ লাখ টাকা অনুদান দেবে। তিনি স্ত্রী, ছেলে ও ভাই এবং দুই অনাত্মীয়ের কাছ থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা অনুদান নেবেন। ভাই আইনজীবী লস্কর শাহ আলমের কাছ থেকে এক লাখ ধার নেবেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) খুলনার সাবেক সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা এসব বিষয়ে বলেন, প্রার্থীরা যে পরিকল্পনা জমা দেন, বেশির ভাগ সময় তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকে, বাস্তবে ব্যয় হয় অনেক বেশি। এ বছর একটি পরিবর্তনের আবহাওয়া চলছে। নির্বাচন কমিশনকে উৎস ও ব্যয়ের পরিকল্পনা জমা নিয়েই দায়িত্ব শেষ করলে হবে না। এগুলো যেন সঠিকভাবে পালন হয়, তা নজরদারি করতে হবে। সুত্র-সমকাল