স্টাফ রিপোর্টার।।
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার (৪২) রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ৯-১০ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক ও আশঙ্কামুক্ত।
সোমবার (২২ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোতালেব সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। এ ঘটনায় এনসিপির যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে ১নং যুগ্ম সদস্যসচিবের পদ পান মোসা. তনিমা।
ভুক্তভোগী ও এনসিপি নেতারা ঘটনাটি নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে দাবি করেছে। তবে পুলিশের দাবি, নগরীর ১০৯ মজিদ সরণীর আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায় গুলির ঘটনা ঘটেছে। পুলিশ সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে। শ্রমিক নেতা মোতালেব তন্বী নামের এক নারীকে নিয়ে সেখানে থাকতেন। মাদক-চাঁদাবাজির ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান জেলা সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ আহত মোতালেব শিকদারের বরাত দিয়ে জানান, মোতাবেল শিকদার শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক। তিনি সেখানে একা ছিলেন। আওয়ামী লীগ আমাদের প্রধান শক্র। এটি ছাত্রলীগ, যুবলীগই এ কাজ করছে। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তিনি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে অসুস্থ রয়েছেন। ফলে বিস্তারিক কিছু জানা যাচ্ছেনা।
এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।
মোতালেব শিকদারের স্ত্রী ফায়িমা আক্তার জানান, মোতালেব ট্রাক ড্রাইভার। তিনি পৌনে ১১টার দিকে পরিচিত একজনের ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন। মোতালেবের কোন শত্রু নেই। এনসিপি করার কারণেই তাকে গুলি করা হয়েছে।
মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তারা বাড়ির মালিক হলেও সেখানে থাকেন না। একমাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে তন্বী নামে এক তরুণী তাদের ফ্লাটের নিচতলা নেন। তন্বী নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতো। সম্প্রতি তিনি বাসায় বিভিন্ন পুরুষের যাতায়াত ও অসামাজিক কার্যক্রম করা হচ্ছে বলে জানতে পেরে তাদের বাসা ছাড়ার নোটিশ দিয়েছিলেন।
খুলনা মেট্টোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলাম বলেন, মোতালেব শিকদার ঘটনাস্থল সর্ম্পকে সঠিক তথ্য দেননি। তিনি ‘মুক্তাহাউজ’ নামে একটি বাড়ির নিচতলায় গুলিবিদ্ধ হন। সেখান থেকে পুলিশ ইয়াবা সেবনের সরঞ্জাম, গুলির খোসা, বিদেশী মদের বোতলসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলিটি তার কানের পাশে লেগে রক্তক্ষরণ হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘শুরুতে ঘটনাস্থলে সাক্ষী পাওয়া যাচ্ছিল না। পরে মোতালেব শিকদারের প্রাইভেট গাড়ি পড়ে আছে দেখে আমরা অনুসন্ধান শুরু করি। সার্জিকাল সংলগ্ন একটি দোকান থেকে একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি। সেখানে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমসহ আরও দুজন ওই এলাকায় আসেন এবং কোথাও অবস্থান করেছেন।’
উপ-পুলিশ কমিশনার জানান, গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। বর্তমানে গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে।
কেএমপি মিডিয়াসেলের বক্তব্য: গণমাধ্যমে পাঠানে এক বার্তায় পুলিশ জানিয়েছে, সোমবার সাড়ে ৯টার দিকে মুক্তাহাউজে গুলির ঘটনায় মোতালেব শেখ আহত হন। এই এনসিপি নেতার নারী সঙ্গী তন্বীর বাসা মুক্তা হাউজ, এখানে গত দুই মাস আগে থেকে মোতালেব সিকদার তন্বীর সাথে অবৈধভাবে বসবাস করেন।
সংস্থাটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার তথ্য দিয়ে আরো জানায়, আগের দিন রবিবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদারের ভাড়া বাসায় আসেন। এনসিপি নেতা চাঁদাবাজিতে জড়িত ছিলেন। আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে অন্তর্কোন্দলের সূত্রপাত থেকে তাকে গুলিবিদ্ধ করা হতে পারে। পুলিশ বাসা থেকে ৫টি বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও অনৈতিক কার্যকালাপের আলামত উদ্ধার করেছে। মোতালেব শুরুতে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলি হওয়ার মিথ্যা জবানবন্দি দিয়েছেন।
এদিকে সোমবার রাত সাড়ে ১০টায় শ্রমিক শক্তির মোতালেব গুলিবিদ্ধের ঘটনায় আলোচিত নারী যুবশক্তির নেত্রী তন্বীকে চাঁনমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি এ ঘটনার সাথে ৬/৭ জন জড়িত রয়েছে। বাকিদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার বলা ১১টা ১০ মিনিটের দিকে ২/৩জন মোতালেব শিকদারকে ধরে হাঁটতে হাঁটতে আল আকসা গলি থেকে মেইন রোডের দিকে যাচ্ছেন। এসময় তিনি নিজে মাথার কাছে চেপে ধরেছিলেন। একই সময় একটি মোটরসাইকেলে একজন ও পায়ে হেঁটে আরেকজন গলির একটি সংযোগ সড়ক দিয়ে অন্যদিকে চলে যান।
পুলিশের একাধিক সূত্র জানায়, রাতে মোতালেব শিকদারের সহযোগীরা ইয়াবা সেবন, মদ্যপান এবং নারী সঙ্গ নিয়ে ছিলেন। নিজেদের মধ্যে মতবিরোধের জেরে সহযোগীদের কেউ একজন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রিকশাযোগে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। ঘটনার পর থেকে ওই ফ্ল্যাট ভাড়া নেয়া নেওয়া তরুণীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
অপর একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে যুক্ত হন। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের সঙ্গে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের রাজনীতি করতেন।
এদিকে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে রাত ৯ টায় খুলনা প্রেসক্লাবে জাতীয় নাগরিক শক্তির জেলা আহবায়ক মো: আশরাফুজ্জামান লিখিত বক্ত্যব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, পুলিশ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে বলে দাবি করে। তারা এই ঘটনার সুষ্ট তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় গুলিবিদ্ধ মোতালেবের মা রাবেয়া বেগম, তার স্ত্রী ফাহিমা আক্তার ও তার তিন বছরের কণ্যা সন্তান এবং নাগরিক শক্তির জেলা আহবায়ক মো: আরমান উপস্থিত ছিলেন।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।











































