ক্রীড়া প্রতিবেদক
বিপিএল নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে দেশের ক্রিকেটারদের। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টির লড়াই। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো অনুশীলন শুরু করেছে। বিপিএল শেষেই বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুরু হবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। বিপিএলে ক্রিকেটারদের ওপর নজর রাখবেন জাতীয় দলের নির্বাচক প্যানেল। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করা ক্রিকেটারের সুযোগ হতে পারে বিশ্বকাপ দলে। সেই সুযোগটাই নিতে চান মোহাম্মদ সাইফউদ্দিন। ঢাকা ক্যাপিটালসের এই পেস অলরাউন্ডারের দৃষ্টি বিশ্বকাপে। এজন্য বিপিএলে নিজেকে মেলে ধরতে চান। গতকাল সাইফউদ্দিন বলেন, ‘ প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগেই যে দাম দিয়েই নেওয়া হোক না কেন, সব সময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। বিপিএল বাংলাদেশের শীর্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ দ্রুত আসে।’ বিশ্বকাপের আগে বিপিএলকেই প্রস্তুতির সেরা মঞ্চ বলে মনে করছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপের আগে যেহেতু আর কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার। এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।’ ঢাকা ক্যাপিটালসে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন শোয়েব আখতার। তার কাছ থেকে বোলিংয়ে টিপস নেবেন জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘উনার সঙ্গে দেখা বা কথা হয়নি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি উনি হয়তোবা জানুয়ারির মাঝামাঝি আসতে পারেন। আসলে ইনশাল্লাহ তখন উনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং কিছু অভিজ্ঞতা উনার থেকে নেওয়ার চেষ্টা করব।’
এদিকে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এ দলে আছেন পেসার নাহিদ রানা। সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন মোস্তাফিজকে। কাটার মাস্টারের প্রশংসা করে তিনি বলেন, ‘উনার সঙ্গে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার আছে। জাতীয় দলে খেলেছি, ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে পারছি।’ আইপিএলে খেলার স্বপ্ন দেখেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে।’ পেসারদের ইনজুরিতে পড়ার শঙ্কা বেশি থাকে। সামনে বিশ্বকাপ থাকায় বিসিবি এবার তাদের দিকে বাড়তি নজর রাখবে। বিসিবি থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আসলে আগের বছরও কোনো বাধা ছিল না। শুধু বিসিবি বলেছিল তোমার শরীর কী বলে সেটা অনুযায়ী খেলো। এ বছরও কোনো বাধা নেই। তারা বলেছে তুমি তোমার শরীরটা বোঝো, তুমি তোমার নিজের সামর্থ্য বোঝো এবং ওই অনুযায়ী খেলো। নিজে ফিট থেকে খেলো এবং নিজে নিজের যত্ন নাও। এ সবই বলেছে।’










































