স্টাফ রিপোর্টার।।
নগরীতে পুলিশ শিউলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার রাত ১২ টায় নগরীর সদর থানার ৮৪/৫ ট্যাংক রোড থেকে এ মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর পুলিশের গতানুগতিক বক্তব্য ছেলের হাতে মা খুন হয়েছে। ঘটনাস্থলে সিআইডিকে তলব করা হয়েছে।
খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা থানার ওসি তদন্ত শাহাজাহান আহমেদ। তিনি বলেন মা-ছেলে এক বাসায় থাকতেন। বাইরে থেকে তালা দেয়া ছিল। পুলিশ তালা ভেঙে বিছানায় গৃহবধূ শিউলী বেগমের লাশ দেখতে পায়। তবে তার ছেলেকে পাওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন করতে সিআইডির টিমকে তলব করা হয়েছে। তারা আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।
স্থানীয়রা জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। সঠিক তদন্ত করলে রহস্য বেড়িয়ে আসবে। রাত পৌনে এক’টা পর্যন্ত সিআইডি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।









































