স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লীগ বিগ ব্যাশ খেলতে আগেই দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জনপ্রিয় লীগটিতে খেলবেন এ তারকা লেগ স্পিনার। বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাবেন রিশাদ।
গত মৌসুমেও একই দলের হয়ে বিগ ব্যাশে খেলার সুযোগ পান ২৩ বছর বয়সী রিশাদ। তবে সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় প্লেনে চড়া হয়নি। এবার অনাপত্তিপত্র বা এনওসি আগেভাগেই পেয়ে গেছেন তিনি। তাই বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) নাম ছিল না রিশাদের। বিগ ব্যাশের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৪ই ডিসেম্বর থেকে। রিশাদের দল হোবার্টের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে তার দু’দিন পর, ১৬ই ডিসেম্বর থেকে। বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে খেলবে হোবার্ট।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে রিশাদ ছাড়াও বাকি দুই বিদেশি ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডান। শেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেন ইংলিশ বোলার জর্ডান। গতবার দলকে শিরোপা জেতানোর পথে ৭ উইকেট নেন তিনি। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডাকে হোবার্ট। এরপর দ্বিতীয় কলে রিশাদকে টানে তারা। তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ ছাড়ার পরের রাউন্ডে আরেক ইংলিশ লেগ স্পিনার রেহানকে দলে নেয় হোবার্ট। জর্ডান বাদে অন্য দু’জন অবদান রাখতে পারেন ব্যাট হাতেও। হোবার্টে সতীর্থ হিসেবে রিশাদ পাচ্ছেন টিম ডেভিড, নাথান এলিস, বেন ম্যাকডারমট, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টারের মতো তারকা ক্রিকেটারদের।
এর আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেন সাকিব। পরের মৌসুমে খেলেন মেলবোর্ন স্টার্সের হয়ে।
বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সূচি:
তারিখ প্রতিপক্ষ বাংলাদেশ সময়
১৬ ডিসেম্বর সিডনি থান্ডার দুপুর ২টা ১৫
১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টারস দুপুর ২টা ১৫
২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
২৬ ডিসেম্বর পার্থ স্কোরচার্স বিকাল ৪টা ১৫
২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
১ জানুয়ারি পার্থ স্কোরচার্স দুপুর ২টা ১৫
৩ জানুয়ারি সিডনি থান্ডার দুপুর২টা ১৫
৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স দুপুর ২টা ১৫
১১ জানুয়ারি সিডনি সিক্সার্স সকাল ৯টা ৫
১৪ জানুয়ারি ব্রিসবেন হিট দুপুর ২টা ১৫











































