Home আঞ্চলিক খুলনায় আইজিপি অনুষ্ঠানে থাকা যুবকের পরিচয় ঘিরে আলোচনা

খুলনায় আইজিপি অনুষ্ঠানে থাকা যুবকের পরিচয় ঘিরে আলোচনা

431


স্টাফ রিপোর্টার।।
আজ খুলনা পুলিশ লাইনে আইজিপি মহোদয়ের একটি অনুষ্ঠানে তাঁর পাশে থাকা সাদা শার্ট পরিহিত লম্বা চুলের যুবকের পরিচয় ঘিরে আলোচনা সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা যায়, ওই ব্যক্তি শেখ মো. শাকিল-খুলনার বিএল কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সহ-সভাপতি এবং জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে খুলনা-৬ আসনের বিনাভোটের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যবসা-বাণিজ্য ও নানাবিধ ‘ব্যবস্থাপনায়’ ভূমিকা রেখে আসছেন। তাঁর বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকায়।


খুলনায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভ্রান্তিকর কর্মকাণ্ড, ভুয়া চ্যানেলের অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কারণে শহরে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে খুলনা কর্মরত সিনিয়র সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বহীনতাকে দায়ী করেছেন।


অন্যদিকে খুলনা কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন, সম্প্রতি কিছু সংখ্যক ব্যক্তি ভুয়া ফেসবুক চ্যানেল, পেজ ও অনলাইন পরিচয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এমনকি সাংবাদিকদের নাম ব্যবহার করে মিথ্যা, মনগড়া ও চাঁদাবাজিমূলক ভিডিও প্রকাশ করছেন। এতে একদিকে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।


সাংবাদিকরা অভিযোগ করে বলেন, এসব ভুয়া চ্যানেলকে কেন্দ্র করে একটি চক্র নিয়মিতভাবে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। অথচ দীর্ঘদিন ধরে বিষয়টি গোয়েন্দা বিভাগকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা এখনো দেখা যায়নি।
খুলনার সিনিয়র সাংবাদিকরা বলেন, “সাইবার অপরাধ, গুজব-সন্ত্রাস ও ভুয়া আইডি কিংবা চ্যানেলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রশাসনের উদাসীনতার সুযোগে একটি মহল প্রকাশ্যে মানুষের সম্মান ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”


তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে বলেন-খুলনার মতো সংবেদনশীল অঞ্চলে ভুয়া মিডিয়া ও সাইবার চক্রকে ছড়িয়ে পড়তে দিলে ভবিষ্যতে আরও বড় অরাজকতা তৈরি হবে।