Home Lead ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম সিইপিজেড, আশপাশের ভবনেও ছড়ানোর শঙ্কা

ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রাম সিইপিজেড, আশপাশের ভবনেও ছড়ানোর শঙ্কা

26


খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন কিছুতেই নেভানো যাচ্ছে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এরই মাঝে ভবনের পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে উপর থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে। আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যাক সদস্যরা। আগুন আরো বিস্তৃত হচ্ছে। আগুনের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে করে আশপাশে ভবনেও আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে রাত ১০টায় জানান, আগুন এখনো নেভেনি। এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে। পুরো ভবনটিই জ্বলে পুড়ে যাচ্ছে। সেখান থেকে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে। এ ছাড়া ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।
জি হং মেডিকেল কোম্পানিতে কর্মরত জোবেদা বেগম বলেন, আমি পাঁচতালায় কাজ করছিলাম। দুপুরে খাওয়ার পর ‘আগুন, আগুন’ বলে চিৎকার করে ওপর থেকে অনেককে নিচে নামতে দেখি। এ চিৎকার শুনে আমরাও সবাই দৌড়ে নিচে নেমে আসি। যে জায়গায় প্রথমে আগুন লেগেছে সেখানে নারী শ্রমিকরা অনুমতি ছাড়া যেতে পারে না।
জিহং মেডিকেল কোম্পানির সুপারভাইজার ফাহিমুল মাহমুদ ভূঁইয়া বলেন, যখন আগুন লাগে তখন আমি চারতলায় ছিলাম। হঠাৎ জরুরি অ্যালার্ম শুনে নিচে নেমে আসি আমরা। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো।
এদিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপ কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম ইপিজেডে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় উদ্ধার অভিযানে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি সদস্য যোগ দিয়েছেন।
পানির সংকটে ফায়ার সার্ভিসের কাজ ব্যাহত: পানির উৎস না থাকায় দমকলকর্মীরা কার্যত অসহায় হয়ে পড়েছেন। আগুনের তীব্রতার কারণে তারা ভবনের কাছেও যেতে পারছেন না। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটতলা ভবনটি দাউ দাউ করে জ্বলছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের উত্তাপ আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়েছে, অনেক শ্রমিক ও বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছেন। সামনে পর্যাপ্ত পানি না থাকায় ফায়ার সার্ভিস সদস্যদের পানির ট্যাংকার খুঁজে আনতে এবং বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে দেখা গেছে।
একজন ফায়ার ফাইটার জানান, পানির উৎস না থাকায় আগুনের কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এত তীব্র আগুনে সামনের দিক থেকেও কাজ করা যাচ্ছে না।