স্টাফ রিপোর্টার।।
‘কর্মের ফলে গ্যাঁড়াকলে’ এমন শিরোনামে প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাঁড়াকল (এবৎধশড়ষ)’র পোস্টার। মূলত কর্ম ও তার ফল নিয়েই এর কাহিনী। পোস্টারে দেখা যাচ্ছে তিনজনকে। যাদের মধ্যে কেন্দ্রে আছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তার সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার। আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আবু হুরায়রা তানভীর। গত মঙ্গলবার বিকালে প্রকাশ পেয়েছে ‘গ্যাঁড়াকল’র ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে- ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। মিস্ট্রি থ্রিলার ঘরানার ‘গ্যাঁড়াকল’র গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একে-অপরের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতোটুকু সত্য? চরকিতে কনটেন্টটি মুক্তি পেয়েছে আজ। ‘গ্যাঁড়াকল’-এ রিমি চরিত্রে রয়েছেন সামিরা খান মাহি। অনিক ও মোশতাক চরিত্রে আছেন যথাক্রমে আবু হুরায়রা তানভীর এবং ইন্তেখাব দিনার। সামিরা খান মাহি বলেন, ‘গ্যাঁড়াকল’-এ আমার চরিত্রটি রহস্যময়। কনটেন্টের বেশির ভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আমি আবার অন্যরকম লুকে হাজির হবো। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।











































