দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
খুলনার দাকোপে ঢাকি নদীতীরের বাসিন্দাদের দুর্ভাবনা কাটছেই না। সপ্তাহখানেক আগে বটবুনিয়া বাজারের হরিসভা মন্দিরের সামনে নদীতে বিলীন হয়ে যায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২০০ মিটার বাঁধ। বালুভর্তি টিউব ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগসহ অন্যান্য উপকরণের মাধ্যমে ভাঙন ঠেকানো হয়। তবে টেকসই বাঁধ নির্মাণে বাধার মুখে পড়েছে পাউবো।
এলাকাবাসী ও পাউবোর কর্মকর্তাদের অভিযোগ, বাঁধ নির্মাণের সরকারি জমিতে অবৈধভাবে স্থাপিত বসতবাড়ি সরিয়ে নিতে রাজি হচ্ছেন না স্থানীয় কিছু মানুষ। পাশাপাশি অনেকে চলতি আমন মৌসুমে জমি থেকে বাঁধের জন্য মাটি দিচ্ছেন না। এতে আগামী অমাবস্যার গোনে পানিপ্রবাহ বাড়লে আবার ওই এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরিসভা মন্দিরের সামনে ৭ অক্টোবর গভীর রাতে ভাঙন শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যে পাউবোর ৩১ নম্বর পোল্ডারের ওই বাঁধের ২০০ মিটার ঢাকি নদীতে বিলীন হয়। ৮ অক্টোবর পাউবো ওই জায়গায় সংস্কার করে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করে। কিন্তু ৬ ঘণ্টা যেতে না যেতেই সেদিন গভীর রাতে পূর্ণিমার জোয়ারে বাঁধটি আবার বিলীন হয়। পরদিন ৯ অক্টোবর ও ১০ অক্টোবর নদীতে জোয়ার আসার আগেই সেখানে বালুভর্তি টিউব ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগসহ অন্যান্য উপকরণ ফেলা হয়। এতে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা হয়।
তিলডাঙ্গা ইউপির সাবেক সদস্য ও বটবুনিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বিশ্বাস খোকন ও স্থানীয় বাসিন্দা স্বপন কুমার মণ্ডলের ভাষ্য, ওই বাঁধটি টেকসই করতে মাটির দরকার। পাউবো কর্তৃপক্ষ মাটি নিতে চাইলে আমনধানি জমির কিছু মালিক এতে বাধা দিচ্ছেন। জমির মালিকরা অবশ্য ধান কাটা শেষে মাটি দিতে রাজি হয়েছেন। এরই মধ্যে অমাবস্যার গোনে নদীর পানি যদি বেড়ে যায় অথবা প্রাকৃতিক দুর্যোগ এলে বাঁধটি আবার নদীতে বিলীন হতে পারে।
তারা বলেন, পাউবো যে জায়গা দিয়ে বাঁধ নির্মাণ করছে, সেখানকার কিছু অংশের জায়গা সরকারি। সেখানে অনেকে অবৈধভাবে বসতঘর বানিয়েছেন। সেগুলো সরিয়ে না নেওয়ায় বাঁধ নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। তারা গ্রামবাসীর স্বার্থে এসব উচ্ছেদের দাবি জানান।
আগে থেকেই ওইসব জায়গায় বসতঘর নির্মাণ করে বসবাস করছেন পরিতোষ সরদার, সঞ্জয় সরদার, গৌর শীল, অঞ্জন রায়, প্রকাশ বালা, সুরঞ্জন বালা, সঞ্জিত বালা, অখিল সরদার, সূর্য্যকান্ত সরদার। তাদের অনেকের নামে জমি রেকর্ড করা। কেউ দাবি করছেন, ওই জমি পৈতৃক সূত্রে পাওয়া। বাঁধ নির্মাণে তারা পাউবোকে বাধা দিচ্ছেন না। অনেক জায়গাও বাঁধের জন্য ছেড়েছেন।
ভাঙনে ক্ষতিগ্রস্ত যদুবর সরদারের স্ত্রী ফুলমতি সরদারের ভাষ্য, পাউবো যেখান থেকে বাঁধ নির্মাণ শুরু করেছে, সেখানে তাঁর বসতঘর। সেটি সরকারি জায়গায়। এখন ঘরটি ভেঙে সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, ‘বাঁধ নির্মাণ হলে আমি ও আমার পরিবার বাঁচবে। গ্রামবাসী রক্ষা পাবে। রক্ষা পাবে কৃষিজমি।’
ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, জমির মালিকসহ সবাইকে বাঁধের কাজে সহায়তার আহ্বান জানিয়েছেন। বাঁধ নির্মাণে পাউবো বাধার মুখে পড়ছে, এমন তথ্য তাঁর জানা নেই। তিনি আরও বলেন, দেড়-দুই মাস পর আমন ফসল কৃষকরা ঘরে তুলবেন। তারা বড়ই অভাবী। সামান্য কৃষিজমি চাষাবাদ করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকেন। আমন ফসল উঠে গেলেই কৃষক ও জমির মালিকরা বাঁধ নির্মাণের মাটি দেবেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলমের ভাষ্য, সবাই সহযোগিতার হাত বাড়ালে দ্রুত বাঁধটির অন্যান্য কাজ শেষ করা যাবে। বাঁধ নির্মাণের সরকারি জায়গায় বেশ কিছু বসতবাড়ি রয়েছে। এগুলো অপসারণ না করায় কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
ইউএনও মো. আসমত হোসেন পাউবোর কাছ থেকে বিষয়টি শুনেছেন। তিনি খতিয়ে দেখে সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।











































