Home Lead খানাখন্দে ডোবায় রূপ নিয়েছে সড়ক, চলাচলে ঝুঁকি

খানাখন্দে ডোবায় রূপ নিয়েছে সড়ক, চলাচলে ঝুঁকি

16


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।


খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের কৈয়া বাজার থেকে রায়েরমহল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে খানাখন্দ পানিতে থইথই করছে। এতে সড়কটি জলাশয় ও ডোবায় রূপ নিয়েছে। বেহাল সড়কের কারণে আট গ্রামের বাসিন্দাদের সঙ্গে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনচালক ও যাত্রীদের।

স্থানীয়দের ভাষ্য, গুটুদিয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিলপাবলা, পঞ্চু, ফোলইমারী, খোয়েতলা, হামিদনগর, কালিতলাসহ ৮-১০টি গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। ডুমুরিয়া উপজেলা শহর এবং খুলনা শহর হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সঙ্গে সড়কটি যুক্ত হয়েছে। এ সড়ক দিয়েই ডুমুরিয়ার অধিকাংশ বাসিন্দা খুলনা শহরে যাতায়াত করেন। ব্যস্ত এ সড়কে খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ।

কালিতলা গ্রামের বাসিন্দা সমাজকর্মী প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, এ সড়কের দুই পাশে খুলনা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ ছাড়া আশপাশের কয়েকটি উপজেলার উৎপাদিত মৎস্য ও কৃষিপণ্য এ সড়ক দিয়ে পরিবহন করতে হয়। বেহাল সড়কটির কারণে এই অঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই।
গুটুদিয়া ২ নম্বর ওয়ার্ড (সংরক্ষিত) সদস্য অর্চনা ফৌজদার ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন সরদারের ভাষ্য, স্বাভাবিক সময়েও এ সড়কে চলাচলে বেগ পেতে হয়। বৃষ্টির পানির কারণে খানাখন্দগুলো পানিতে তলিয়ে থাকায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় কৃষক আলী আকবর মোড়ল ও মুদি দোকানি প্রকাশ কুমার মণ্ডল বলেন, সড়কের দুই পাশ ঘেঁষে অর্ধশতাধিক আবাসন ব্যবসায়ীর জমির প্লট রয়েছে। কৃষিজমি ভরাট করতে এই সড়কে রাতদিন বালু-মাটির ভারী ট্রাক চলাচল করে। সড়কের পাশ ঘেঁষে কোনো নালা বা ড্রেন নেই। একটু বৃষ্টি হলেই কয়েক সপ্তাহ পানি জমে থাকে। এতে সড়কের পিচ-পাথর উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।


মোস্তর মোড় এলাকায় সড়কটির পাশেই মাছ ব্যবসায়ী অধীর বিশ্বাসের বাড়ি। সড়কের পানি উপচে তাঁর বাড়িতে ঢুকে পড়ছে। অধীর কুমার বিশ্বাস জানান, সড়কের পানি জমে থাকায় দীর্ঘদিন ধরেই তাঁকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে।
পাবলা গ্রামের সবজি ব্যবসায়ী পরিতোষ মণ্ডল বলেন, ওই সড়ক দিয়ে আসা-যাওয়া মুশকিল হয়ে পড়েছে। হাজার হাজার মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। ভ্যান বোঝাই সবজিসহ কয়েক দফা দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু আবাসন ব্যবসায়ীদের কারণে সড়ক দিয়ে বালি-মাটি পরিবহন বন্ধ হচ্ছে না। বালি-মাটি বোঝাই ভারী ট্রাকই সড়কটির সর্বনাশ করছে।
ডুমুরিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দারুল হুদা জানান, সড়কটির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, সড়কটির করুণ দশার বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পাশাপাশি এ সড়কে আবাসন ব্যবসায়ীদের জমি ভরাটের কাজে ব্যবহার করা ভারী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।