স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর দৌলতপুরে ডাস্টবিনের ভেতর থেকে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত তিন দিন ধরে নিহত ওই লোকটিকে রেলিগেট এবং মানিকতলা এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। এরপর আজ দুপুরে এক ভ্যানচালক রেলিগেটে ডাস্টবিনের ভেতরে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর হবে।











































