Home Lead সাইফের অপরাজিত ফিফটিতে হোয়াইটওয়াশ আফগানিস্তান

সাইফের অপরাজিত ফিফটিতে হোয়াইটওয়াশ আফগানিস্তান

15


স্পোর্টস ডেস্ক।।
৩৮ বলে ৬৪ রানের ইনিংসে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই ফিরলেন সাইফ হাসান। আকাশ ছোঁয়া ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করেছেন টাইগার ব্যাটার। আফগানিস্তানের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ৬ উইকেট ও ২ ওভার হাতে রেখেই পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজ তৃতীয় এবং শেষ ম্যাচ জিতে আফগানদের হোয়াইটওয়াশও করলো জাকের আলী অনিকের দল।

শারজাহতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৩ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন দারউইশ রাসুলি। ২৮ রান আসে সেদিকুল্লাহ আয়াতের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২টি করে নেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ২৪ রান করেন তানজীদ হাসান তামিম ও পারভেজ হাসান ইমন। পরের উইকেটে তানজীদের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সাইফ। তানজীদ ফেরেন ব্যক্তিগত ৩৩ রানে। দলীয় ১০৯ রানে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন মুজিব উর রহমান। তবে তেমন কিছু হতে দেননি সাইফ। ৭ ছক্কা ও ২ চারে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করে ফেরেন তিনি।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। আবু ধাবিতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ই অক্টোবর।