Home খেলাধুলা রেকর্ড হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা

রেকর্ড হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা

17


স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে হারের পর এবার শাস্তির মুখেও পড়েছে দক্ষিণ আফ্রিকা। মন্থর ওভার রেটের দায়ে আইসিসি তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে।

সোমবার আইসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সাউথ্যাম্পটনে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা ধার্য করা হয়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আলাদা করে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ইংল্যান্ডের দেওয়া ৪১৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। একই সঙ্গে ৩৪২ রানের ব্যবধানে পরাজয়টি ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে কোনো দলের সবচেয়ে বড় হার হিসেবে রেকর্ড গড়ে।

তবে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রায় ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল তারা।