Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় নৌকাডুবি, ৬০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৬০ জনের মৃত্যু

7


অনলাইন ডেস্ক।।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। নৌকাটিতে একশর মতো যাত্রী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের দাবি ওই দুর্ঘনায় ২৯ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিঁখোজ রয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নাইজেরিয়ায় নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। যেখানে নারী এবং শিশুও ছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি চলতি পথে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নৌকাটি মালালে জেলার টুঙ্গান সুলে থেকে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে মালালে নদী পার হওয়ার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যানটি ডুবে যায়।

জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান তিনি। রয়টার্সকে সাদু ইনুয়া মুহাম্মদ বলেন, আমি দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলাম। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। আমরা নদী থেকে ৩১ জনের মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছি। নৌকাটিও তুলে আনা হয়েছে।


বরগুর আঞ্চলিক প্রধান আব্দুল্লাহ বাবা বলেন, মৃতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এমন ১০ জনকে উদ্ধার করা হয়েছে যাদের অবস্থা আশঙ্কাজনক। অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

নাইজেরিয়াতে নৌকাডুবির ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই এর মূল কারণ। নিরাপত্তাহীনতাকেও অনেকে দায়ী করেছেন। গত মাসেও দেশটিতে নৌকাডুবির খবর পাওয়া গেছে। তখন অন্তত ২৫ জন নিঁখোজ হয়েছিলেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদী থেকে ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেসময়ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় নৌকাটিতে ২০০ জনের বেশি যাত্রী ছিলেন।