বিনোদন ডেস্ক।।
নানা অন্যায়ের বিরুদ্ধে ও মানবিক বিষয়ে নিজের মতামত সামাজিক মাধ্যমে তুলে ধরেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। এবার ইনবক্সে বিশেষ বন্ধুত্ব নিবেদন করার ঘটনা শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর নম্বরও চান সেই ব্যক্তি। এমন অন্যায় আবদারের প্রতিবাদস্বরূপ সেই মেসেজের স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া। শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন; যেখানে সেই ব্যক্তি জানিয়েছেন, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া। তবে, তার লেখা মেসেজগুলো ছিল এ রকম- আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।
তিনি আরও লেখেন, আমার কলিজা থেকে বলছি- চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন হিসেবে রাখতে চাই। শুধুমাত্র আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি আর আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দিন, প্লিজ! এই মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই-ই করেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নম্বর প্রদান করেন সেই ব্যক্তিকে, যা ছিল গুলশান থানার নম্বর। গত মঙ্গলবার ফেসবুক আইডি থেকে সেই মেসেজের স্ক্রিনশট ফাঁস করেন পিয়া। অভিনেত্রীর এমন চতুরতায় বেশ মজা পাচ্ছেন অনুরাগীরাও।











































