Home আঞ্চলিক খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ৮ মাসে ৩৬ দুর্ঘটনায় হতাহত ৬৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ৮ মাসে ৩৬ দুর্ঘটনায় হতাহত ৬৩

12

স্টফ রিপোর্টার।।


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কটি এখন মৃত্যুফাঁদের পথে পরিণত হয়েছে। খানা-খন্দে ভরা বেহাল সড়ক, অবৈধ যান চলাচল এবং অতিরিক্ত গতির কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।


ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে শুধু এই মহাসড়কে ৩৬টি দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১৬ জন, আহত হয়েছেন আরও ৪৭ জন। অর্থাৎ মোট হতাহত হয়েছেন ৬৩ জন। শুধু এ বছরই নয়, পরিসংখ্যান বলছে গত বছর এ সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন।

সম্প্রতি কৈয়া বাজার এলাকায় দ্রুতগামী পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারান। বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত হওয়ায় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা।

স্থানীয়রা বলছেন, খানা-খন্দে ভরা সড়ক, অবৈধ থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচল, পৃথক লেনের অভাব এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। চালক ও যাত্রীদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

ট্রাকচালক আজিজুল হক বলেন, ’রাস্তার গর্তে পড়ে গাড়ি বারবার নষ্ট হচ্ছে। আগে খুলনা থেকে সাতক্ষীরা যেতে আড়াই ঘণ্টা লাগত, এখন লাগে চার ঘণ্টারও বেশি। গাড়ির ক্ষতি হচ্ছে, মালিকরাও এখন ট্রিপ নিতে চান না।’

সাতক্ষীরাগামী যাত্রী রওশন আরা বলেন, ’বাসে উঠলেই মনে হয় নিরাপদে নামতে পারব কি না সন্দেহ। প্রতিদিনই দুর্ঘটনার খবর শুনি; কোথাও প্রাণহানি হচ্ছে, কোথাও মানুষ পঙ্গু হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের পাশাপাশি ছোট যানবাহনের জন্য আলাদা লেন করতে হবে।’

থ্রি-হুইলার চালক হাফিজুর রহমান বলেন, ’ডুমুরিয়ার এক স্থান থেকে অন্য স্থানে সবজি পরিবহণের জন্য আমাদের গাড়ি চালানো ছাড়া উপায় নেই। মহাসড়ক বাদে আশেপাশে বিকল্প সড়ক নেই। আলাদা লেন না থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।’

হাইওয়ে পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, ‘স্বল্প জনবল নিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় চাপের কারণে থ্রি-হুইলার বন্ধ রাখা যায় না। এজন্য আলাদা সার্ভিস লেন চালু করা জরুরি।’

তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ’ডিজাইন অনুযায়ী আপাতত সার্ভিস লেন সম্ভব নয়। জরুরি মেরামতের পাশাপাশি কংক্রিট সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে।’

স্থানীয়রা বলছেন, পাঁচ বছর আগেই এই সড়ক সংস্কারে ১৬০ কোটি টাকা ব্যয় হয়েছিল। অল্প সময়ের ব্যবধানেই আবারও দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ায় প্রশ্ন উঠেছে সড়কের টেকসই মান নিয়ে। তাদের দাবি, দ্রুত সংস্কার ও অবৈধ যান নিয়ন্ত্রণ ছাড়া মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়।

সংশ্লিষ্টদের আশঙ্কা, জরুরি পদক্ষেপ না নিলে সামনে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে, প্রাণহানি হবে আরও ভয়াবহ।