Home আঞ্চলিক কালীগঞ্জ পৌরসভার বড় বাবুর বড় থাবা

কালীগঞ্জ পৌরসভার বড় বাবুর বড় থাবা

14


সাবজাল হোসেন, কালীগঞ্জ
চাকরি করেন তৃতীয় শ্রেণীর প্রধান করণিক পদে। কাজেই তিনিই অফিসের বড় বাবু। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাবেক মেয়রদের ছিলেন আস্থাভাজন। প্রধান করণিক আমিনুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে রয়েছে সাবেক মেয়রদের কাছে পৌরসভার তথ্য পাচারের অভিযোগ। তার ইশারায় এখনো চলে পৌরসভা। পৌরসভার নিয়মিত বেতন না হলেও ব্যাপক অনিয়ম ও দূর্নিতীর মাধ্যমে তিনি দুহাতে সমানে কামিয়েছেন। গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। এছাড়াও তার একটি ব্যাংক হিসাব নম্বরে অস্বাভাবিক লেনেদেনের তথ্য পাওয়া গেছে।
কালীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী আমিনুল ইসলাম ঠান্ডু উপজেলার মেগুরখির্দা গ্রামের আফসার মন্ডলের ছেলে।
তথ্য নিয়ে জানা গেছে, তিন ভাই ও ৫ বোনের মধ্যে সবার বড় আমিনুল ইসলাম ঠান্ডু। বাবার মাঠের জমি ছিল মাত্র ২ বিঘা। বেশ কষ্টেই কেটেছে পূর্বের দিনগুলো। ১৯৯২ সালে কালীগঞ্জ পৌরসভার প্রশাসন বিভাগের করণিক পদে চাকুরিতে যোগদান করেন। এরপর পরিবর্তন হতে থাকে ঠান্ডুর ভাগ্য। ২০০৭ সালে প্রধান সহকারী পদে পদোন্নতি পায়। বিগত সরকারের সময়ে ২০১০ সালে মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর আস্থাভাজন হন তিনি। পৌরসভায় একক কর্তৃত্ব রেখে বিভিন্ন কাজ দেখাশোনা করেছেন। পৌরসভার অনাপত্তিপত্র ও অডিটরিয়াম ভাড়ার দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর মেয়র মকছেদ আলী বিশ^াস ও আশরাফুল আলম আশরাফের সময়েও তাদের আস্থাভাজন হয়ে কাজ করেছেন। পৌরসভার বিভিন্ন টেন্ডারও তার হাত দিয়ে হতো। ঠিকাদারদের সঙ্গে সখ্যতা থাকায় নিম্নমানের কাজ করে লাখ লাখ টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই ঠান্ডুর বিরুদ্ধে। এছাড়াও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকা থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ আছে এই কর্মচারীর বিরুদ্ধে। পৌরসভার ঠিকাদার তালিকাভুক্তির ক্ষেত্রে ২ হাজার টাকা নেওয়ার নিয়ম থাকলেও তিনি ৮ থেকে ১০ হাজার টাকা বিনা রশিদে আদায় করেছেন। গত ৫ আগস্টের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিত হলেও এর আগে কোন মেয়রের সময়ে নিয়মিত বেতন পাননি কর্মচারীরা। প্রায় ৬/৭ মাস বেতন বাকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। এখনও বিগত মেয়র ও কাউন্সিলরদের সম্মানি বাকি রয়েছে বলে জানা গেছে। অথচ বড় বাবু ঠান্ডু চলেছেন বিরাট এক জমিদার স্টাইলে।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে আমিনুল ইসলাম ঠান্ডু শহরের বনানীপাড়ায় ৬ লাখ টাকা শতক প্রতি ৫ শতক জমি ক্রয় করেন। এই জমিতে একটি আলিশান তিনতলা ভবন তৈরি করেন এবং ২০২৩ সালে বাড়ির সাথেই আরো ৪ শতক জমি ক্রয় করেন। জমি ও বাড়ির মূল্য কমপক্ষে ২ কোটি টাকারও অধিক। বর্তমানে আলিশান ভবনটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। নিজের ফ্লাটে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ। শুধু তাই নয়, উপজেলার মেগুরখির্দা গ্রামের মাঠে প্রায় ৮ বিঘা জমি কিনেছেন তৃতীয় শ্রেণির এই কর্মচারী। তিনি পরিবারসহ যশোরের ভাড়াবাড়িতে বসবাস করেন।
বিগত সরকারের সময়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ মানুষের মুখে মুখে।
এছাড়াও আমিনুল ইসলাম ঠান্ডুর সোনালী ব্যাংকের ২৪০৯৯৯৯০২৩৭৮২ ব্যাংক হিসাব নম্বরে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই হিসাব নম্বরটিতে গত ১০ বছরে পৌরসভার বেতন বাদেই প্রায় ১ কোটি টাকা লেনদেন হয়েছে।
মেহেদী হাসান হিরণ নামে এক ব্যক্তি জানান, এক ভাইয়ের ঠিকাদারি লাইসেন্স অন্তর্ভূক্তির জন্য গেলে তিনি প্রথমে ১০ হাজার টাকা দাবি করেন। পরে তাকে ৮ হাজার টাকা দেওয়া হয়।
মেগুরখির্দা গ্রামের মসজিদের মুয়াজ্জিন আব্দুল জব্বার বলেন, আমিনুল ইসলামের বাবার ২ বিঘা জমি ছিল। কিন্তু পৌরসভায় চাকরি পাওয়ার পর গ্রামের মাঠে নিজ নামে প্রায় ৮ বিঘা জমি ক্রয় করেছেন। এ দাগেই আছে ৩ বিঘা ১৩ কাঠা জমি।
পৌরসভার এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পূর্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিত হতো না। ৭/৮ মাস বেতন বন্ধই থাকতো। কিন্তু ৫ আগস্টের পর নতুন প্রশাসক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছেন। আগের মেয়রদের সময়ে খুব কষ্টেই দিন কাটতো কর্মচারীদের।
এ বিষয়ে পৌরসভার প্রধান সহকারী আমিনুল ইসলাম ঠান্ডু বলেন, অনেক কষ্টেই বড় হয়েছি। চাকরি পাওয়ার পরে স্বাবলম্বী হয়েছি। শহরের বনানীপাড়ায় ৫ শতক জমিতে একটি তিনতলা বিশিষ্ট বাড়ি ও ৪ শতক জমি খালি পড়ে আছে। আর গ্রামের মাঠের জমি আগেই কিনেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বেতন বকেয়া নেই। আগে বেতন বকেয়া থাকতো। তবে কিভাবে তিনি কোটি কোটি টাকার বেশি সম্পদ গড়েছেন ও ঠিকাদার তালিকাভুক্তিতে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে জানতে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. দেদারুল ইসলাম বলেন, আমি নতুন দায়িত্¦ নিয়েছি। তার অতীতের কর্মকাণ্ড সম্পর্কে আমি অবগত নই।