স্পোর্টস ডেস্ক।।
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ২-০ ব্যবধানে জিতেই সিরিজ শেষ করল টাইগাররা।
বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়া পর্যন্ত ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছিল বাংলাদেশ। জাকেল আলী ২০ ও নুরুল হাসান ২২ রানে অপরাজিত ছিলেন।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এদিন উদ্বোধনী জুটিতে ব্যাটিং করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। তারা ৩.১ ওভারে ৩৯ রান তোলেন। তবে কাইল ক্লাইনের বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন সাইফ। প্রথম দফায় বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪.১ ওভারে ৬০ রান তোলে বাংলাদেশ।
বৃষ্টির পর খেলা শুরু হলে তাওহীদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৯ রান করে টিম প্রিঙ্গলের বলে আউট হন। এরপর দলনেতা লিটনের ব্যাটে চড়ে দলীয় শতক পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করে মাঠ ছাড়েন। ক্লাইনের বলে আউট হন তিনি। ক্লাইনের তৃতীয় শিকার হয়ে ২১ রানে ফেরেন শামীম হোসেনও।
এর আগে সিরিজ ঘরে তোলায় ৫ পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম দলে ঢুকেছেন। তাদের জায়গা করে দিতে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সরে গেছেন।











































