বিনোদন ডেস্ক।।
‘হাওয়া’ সিনেমা দিয়ে তুমুল আলোচনায় আসেন হাল সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। অনেকেই ধারণা করেছিলেন এ সিনেমার পর একের পর এক কাজে হয়তো দেখা যাবে তাকে। কিন্তু সেটা হয়নি। আস্তে ধীরে পথ চলেছেন তুষি। সময় নিয়ে বুঝে শুনে কাজ হাতে নিয়েছেন। এর মধ্যে দু’টি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তবে, সে নিয়ে যে খুব আওয়াজ দিয়েছেন তা নয়। ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছবির কাজ শেষ করেছেন তিনি। দ্রুতই এ ছবির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা আসতে পারে। এর বাইরে ‘সখী রঙ্গমালা’ নামের একটি সিনেমার শুটিং অনেকটা শেষ করেছেন। ছবিতে ‘রঙ্গমালা’ চরিত্রে অভিনয় করেছেন তুষি। সিনেমাটি পরিচালনা করছেন এন রাশেদ চৌধুরী। সামনেই এর শুটিং ফের শুরু হবে। দু’টি সিনেমার বাইরে আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিরিজের শুটিং শেষ, এটিও সামনেই আসবে। এদিকে, নতুন কাজের খবরও জানালেন এ অভিনেত্রী। নতুন একটি সিনেমার শুটিং করছেন তিনি। তবে, এ বিষয়ে কিছু বলতে নারাজ অভিনেত্রী। সময় হলেই জানাবেন। কাজ প্রসঙ্গে তুষি বলেন, ‘হাওয়া’র পর অনেকেই আশা করেছিলেন আমার কাজ ব্যাক টু ব্যাক আসবে। তবে, আমি কোনো সময়ই বেশি কাজে বিশ্বাসী নই। কাজ করতেই হবে, তাও মনে করি না। মনের মতো কাজই শুধু করতে চাই। এ কারণেই আস্তে ধীরে ও বুঝে শুনে পথচলা। তবে, এ কাজগুলো পর পর হয়তো আসবে। তখন দর্শকের মনে হবে অনেক কাজ আসছে আমার। ব্যক্তিগতভাবে অনেক কাজ একসঙ্গে করতে চাই না।










































