স্টাফ রিপোর্টার।।
খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে নৌপুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ জানান, স্থানীয়রা নদীর কিনারায় ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা থেকে সেনেরবাজার ঘাটের দিকে যাচ্ছিল। এসময় বৈরি আবহাওয়ায় ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: খুলনায় ট্রলার দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার, নিখোঁজ আকাশের খোঁজে তিন বাহিনী
পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোস্ট গার্ড টানা দুদিন উদ্ধার অভিযান চালায়। অবশেষে শনিবার সকালে বটিয়াঘাটার বামনপাড়া নদীর কিনারা থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।










































