Home খেলাধুলা মায়ামির জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

মায়ামির জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

11


স্পোর্টস ডেস্ক

লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচে মাত্র ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। তবে তাকে হারিয়েও ম্যাচ শেষে টাইব্রেকারে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে মায়ামি।

ম্যাচের শুরুতে দুর্দান্ত ছন্দেই ছিলেন মেসি। সপ্তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে আক্রমণে যান তিনি। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে পড়ে যান মাটিতে।

যদিও উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে অস্বস্তি বোধ করায় শেষ পর্যন্ত ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। বদলি হিসেবে নামেন ফেদেরিকো রেদোনদো।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো জানান, ‘আগামীকাল পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সে ব্যথা অনুভব করছে না, তবে কিছুটা অস্বস্তি আছে। আশা করি গুরুতর কিছু নয়।’

চোটের ধাক্কা সামলেও ম্যাচে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১২ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ১৭ মিনিটেই বড় ধাক্কা খায় তারা—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন।

একজন কম নিয়ে খেলতে থাকা মায়ামি ৩৩ মিনিটে সমতা হারায়, নেকাখসার হয়ে গোল করেন থমাস বাদালোনি।

বিরতির পর ম্যাচে আবার ভারসাম্য ফিরে আসে ৬০ মিনিটে, নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরনের লাল কার্ডে। তবে সংখ্যাগত সমতা থাকলেও ৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে পিছিয়ে পড়ে মায়ামি।

তবে যোগ করা সময়ে নাটকীয় মুহূর্তে ম্যাচে ফেরে স্বাগতিকরা। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই দুর্দান্ত এক গোল করেন জর্দি আলবা, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ইন্টার মায়ামির প্রথম পাঁচ কিকই সফল হয়, নেকাখসা চারটি কনভার্ট করতে পারলেও থমাস বাদালোনির শট আটকে যায়। ৫–৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

লিগস কাপে নিয়ম অনুযায়ী টাইব্রেকারে জিতে দুই পয়েন্ট পেয়েছে ইন্টার মায়ামি। ফলে দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫ (প্রথম ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারিয়েছিল)।

আগামী বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে পুমাসের মুখোমুখি হবে মায়ামি। তবে সেই ম্যাচের আগে মেসির চোটের অবস্থা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।