Home খেলাধুলা শেখ হাসিনা আন্তর্জাতিক দাবায় যৌথভাবে শীর্ষে ৬জন

শেখ হাসিনা আন্তর্জাতিক দাবায় যৌথভাবে শীর্ষে ৬জন

15

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা’র তৃতীয় রাউন্ড শেষে ছয়জন প্রতিযোগী পূর্ণ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের দুজন এনামুল হোসেন রাজীব ও খন্দকার আমিনুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কনফারেন্স রুমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের এবং সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি আইজিপি বেনজীর আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিস শরাফত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার), এশিয়ান চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিশাম আল তাহের, বাংলাদেশ দাবা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান।
বাংলাদেশের এনামুল হোসেন রাজীব প্রথম রাউন্ডে স্বদেশি রানী হামিদকে, দ্বিতীয় রাউন্ডে মাহতাব রবীনকে এবং তৃতীয় রাউন্ডে ইরানের এম আমিনকে হারিয়েছেন। শুক্রবার চতুর্থ রাউন্ডে এনামুল হোসেন রাজীব খেলবেন ইন্দোনেশিয়ার নভেন্দ্রর বিপক্ষে। খন্দকার আমিনুল ইসলাম প্রথম রাউন্ডে মালদ্বীপের মাহমুদকে, দ্বিতীয় রাউন্ডে স্বদেশি নোশিন আনজুমকে এবং তৃতীয় রাউন্ডে মোহাম্মদ জাভেদকে হারিয়েছেন। তিনি আজ শুক্রবার চতুর্থ রাউন্ডে খেলবেন ইন্দোনেশিয়ার সুশান্তর বিপক্ষে।
বাংলাদেশ ছাড়াও ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইরান, রাশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারতের অনেক দাবা খেলোয়াড় ও গ্র্যান্ডমাস্টার অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

‘ইচ্ছে থাকলে উপায় হয়’ শুধু প্রবচন নয়। সত্য। করোনার ভেতরেও বিকেএসপিতে ঘটা করে আবাসিক ক্যাম্প হচ্ছে যুব ক্রিকেট দলের (অনূর্ধ্ব-১৯)। ৪৬ জনকে নিয়ে শুরু সেই আবাসিক অনুশীলন ক্যাম্পে এরই ভেতরে কয়েকটি গা গরমের ম্যাচও খেলেছেন জুনিয়র টাইগাররা। সেই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় ৪৬ থেকে ২৮ জন বেছে নেয়া হয়েছে।
সেটাও এমনি এমনি নয়। মূল দল সাজাতে ২৮ জনের খেলোয়াড় তালিকা তৈরি করা হয়েছে ওপেনিং, মিডল অর্ডার ব্যাটসম্যান, পেস বোলার, স্পিনার, উইকেটকিপার ও অলরাউন্ডার- মোট ছয় ক্যাটাগরিতে। সেই ছয় ক্যাটাগরির ২৮ যুবা অনুশীলনের জন্য মনোনীত হয়েছেন। মনোনীতদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে আবার সাভারের বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু হবে। তার আগে আগামী ২৯ সেপ্টেম্বর মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছে ওই ২৮ ক্রিকেটারকে। ৩০ সেপ্টেম্বর হবে কোভিড-১৯ টেস্ট। ওই টেস্টে উত্তীর্ণরা চলে যাবেন বিকেএসপিতে। সেখানে প্রথম ১৫ দিন নিবিড় অনুশীলন। তার পরও নিজেদের ম্যাচ প্র্যাকটিসের জন্য পাঁচ পাঁচটি অনুশীলন ম্যাচও খেলবেন যুবারা। আগামী ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর বিকেএসপিতে হবে ওই ওয়ার্মআপ ম্যাচগুলো।
মনোনীত ক্রিকেটাররা হলেন ওপেনিং ব্যাটসম্যান: মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুল শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।
মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহেরাব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইস মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান। পেসার : মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিদ মিয়া, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া। স্পিনার : আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম। অলরাউন্ডার : মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

পেছাতে পারে শ্রীলঙ্কা যাওয়ার দিন

ক্রীড়া প্রতিবেদক

জবাব দিতে দেরি করছে শ্রীলঙ্কা ক্রিকেট, এদিকে এগিয়ে আসছে সফরে যাওয়ার দিন। সফর নিয়ে অনিশ্চয়তা না কাটলেও রোববার যে যাওয়া হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। নির্ধারিত দিনে লঙ্কা যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে বিসিবি।
গত ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি জানান, শ্রীলঙ্কার দেওয়া কঠিন শর্ত মেনে সফরে যাবে না বাংলাদেশ। এরপর ৯ দিন পার হয়ে গেলেও মেটেনি জটিলতা। ফিকে হয়ে আসছে সিরিজের সম্ভাবনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, সুনির্দিষ্ট করে নিজেদের চাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়ে জবাবের জন্য অপেক্ষা করছেন তারা।

এএফসি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন সামনে রেখে দুই-আড়াই বছর আগে থেকে যে আলোচনা ছিল, ১৫ দিন আগে সেটা আর নেই। তরফদার মো. রুহুল আমিনের পর বাদল রায় সরে দাঁড়ানোয় দেশের সবচেয়ে জনপ্রিয় খেলার ফেডারেশনটির ভোট এখন অনেকটাই একতরফা। সভাপতিসহ সব পদে একাধিক প্রার্থী থাকায় ভোট হবে ঠিকই, কিন্তু সে ভোট কতটা জমজমাট হবে- তা নিয়ে অনেকেই সন্দিহান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী ৩ অক্টোবরের এজিএম ও নির্বাচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে। তার ওই সময় ঢাকায় আসার সম্ভাবনা কম। এএফসি অফিসিয়ালি চিঠি দিয়ে তাদের প্রেসিডেন্টের ঢাকা সফরের বিষয়ে কিছু না জানালেও শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ব্যক্তিগতভাবে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আসতে পারবেন না।

শুরু হচ্ছে জাতীয় পেসাপালো চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় পুরুষ ও মিশ্র পেসাপালো প্রতিযোগিতা-২০২০।’ পল্টন মাঠে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিবে।
পেসাপালো নতুন খেলা হলেও গেল বছর বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত ১০ম পেসাপালো বিশ্বকাপে অংশ নিয়ে নারী ও মিশ্র বিভাগে রানার্স-আপ ও পুরুষ বিভাগে তৃতীয় হয়েছিল। এবারের এই জাতীয় প্রতিযোগিতা দুটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরি দুটি হলো পুরুষ ও মিশ্র। পুরুষ ক্যাটাগোরিতে ১২ জন পুরুষ ও মিশ্র ক্যাটাগোরি দলে ৫ জন নারী ও ৭ জন পুরুষ খেলোয়াড় থাকবেন। দুটি ক্যাটাগোরিতে মোট ১০টি দল অংশ নিবে। যার মধ্যে পুরুষ ক্যাটাগোরিতে ৬টি ও মিশ্র ক্যাটাগোরিতে ৪টি।
পুরুষ ক্যাটাগোরির দলগুলো হল বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, স্যান্ড এঞ্জেল কাব, সাভার কমিনিউটি কাব ও জিসান স্পোর্টস কাব। মিশ্র ক্যাটাগোরির দলগুলো হল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, সাভার কমিনিউটি কাব ও জে স্পোর্টস একাডেমি।

বসুন্ধরা তাকে চায় কিন্তু বার্কোস সায় দেননি

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপের জন্য বসুন্ধরা কিং আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছে লিওনেল মেসির একসময়ের সতীর্থ হার্নান বার্কোসকে। কিন্তু দীর্ঘদেহী এই ফুটবলার মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। করোনার কারণে বাকি ম্যাচগুলো বাতিল হয়ে যায়। এখন আগামী ডিসেম্বর পর্যন্ত বার্কোসের সঙ্গে চুক্তি আছে। তবে নতুন মৌসুমের জন্যও আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে চাইছে বসুন্ধরা। কিন্তু বার্কোস এখনও প্রস্তাবে সায় দেননি।
এ মৌসুমের জন্য বার্কোসের পেছনে বসুন্ধরার ব্যয় হবে তিন কোটি টাকার মতো। নতুন মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতা ছাড়াও এএফসি কাপ আছে। তাই আগে-ভাগেই কাবটি তার ব্যাপারে নিশ্চিত হতে চায়। কেননা তাদের আর তিন বিদেশির সঙ্গে এরই মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। দুই ব্রাজিলিয়ান ও এক ইরানিয়ান। এখন বার্কোসের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই বিদেশি কোটা পূরণ হয়।
বার্কোসের স্ত্রী সন্তান-সম্ভবা। তাই আগামী মৌসুমের জন্য বাংলাদেশের কাবে খেলবেন কি না তা নিয়ে একটু সংশয় আছে। কাবটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেছেন,‘আমরা বার্কোসকে রাখতে চাই। তবে ওর স্ত্রী মনে হয় এখানে আগামী মৌসুমের জন্য থাকতে চাইছে না। যদিও বার্কোস এখনও আমাদের কিছু জানায়নি।’

পারিশ্রমিক নিয়ে ক্ষুব্ধ ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা। তার আগে হবে দলবদল। এরইমধ্যে গত ও আগামী মৌসুমের পারিশ্রমিক কীভাবে বা কতটা পাবে খেলোয়াড়েরা তারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কয়েকদিন আগে বাফুফের পেশাদার লিগ কমিটির দেওয়া এমন নির্দেশনা মানতে নারাজ ফুটবলাররা। বরং এমন নির্দেশনা পেয়ে তারা ক্ষুব্ধ হয়েছিলেন। খেলোয়াড়েরা এবারের বাফুফের শীর্ষনেতার কাছে যাচ্ছেন। আসন্ন বাফুফের নির্বাচনের পরই তারা সভাপতির সঙ্গে দেখা করে তাদের আবেদন জানাবেন নতুন করে।
কাব, খেলোয়াড় ও লিগ কমিটির মধ্যে টানা সভা হওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল গত মৌসুমের পুরো পারিশ্রমিকের সঙ্গে নতুন মৌসুমের ২৫ ভাগ পারিশ্রমিক দেওয়া হবে। নতুন মৌসুমের আগে চুক্তির সময় ৪৫ ভাগ অর্থ পাবেন খেলোয়াড়েরা। এছাড়া আগামী মৌসুম শেষ হওয়ার আগে পারিশ্রমিকের বাকি অংশ দিয়ে দেবে কাবগুলো। এমন সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছেন না খেলোয়াড়েরা। খেলোয়াড়দের প্রস্তাব ছিল অন্তত নতুন খেলোয়াড় যাদের পারিশ্রমিক কম তাদেরটা যেন সেভাবে কাটা ন্ াহয়। যদিও বাফুফের পেশাদার লিগ কমিটি তাদের দিকে সদয় দৃষ্টি দেওয়ার কথা বলেছে। এছাড়া আগামী মৌসুমে বিদেশি খেলোয়াড়বিহীন একটি প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছিল। সেই বিষয়ে কোনও নির্দেশনা আসেনি।

আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের

ক্রীড়া প্রতিবেদক

এমনিতেই তার নাম হিটম্যান নয়। ভারতীয় ক্রিকেটে তার নামই দেয়া হয়েছে রো‘হিট’ শর্মা। বুধবার রাতে যেন নিজের নামের প্রতিই সুবিচার করলেন। ৫৪ বলে খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। যেখানে ছিল ৬টি ছক্কার মার।
এই ৬টি ছক্কার মার মেরে আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কা হাঁকানোর এলিট লিস্টে নাম তুলে ফেললেন রোহিত শর্মা। বুধবার আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

ক্রীড়া প্রতিবেদক

বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে রেহাই পাওয়া যেন কঠিনই হয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের তালিকায় নাম উঠে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, আর্জেন্টিনার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালাদের।
এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল আরও এক ফুটবল তারকার। এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ‘কোভিড-১৯ পজিটিভ’ হিসেবে ধরা পড়েছেন। সিরিআ কাবটি নিশ্চিত করেছে এই খবর। গতকাল বৃহস্পতিবার ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফায়ারে লড়বে মিলান। এমন সময়ে দুঃসংবাদটা আসলো। ইতালিয়ান কাবটি জানিয়েছে, ইব্রাহিমোভিচের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বাড়িতেই কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাবেন এই তারকা স্ট্রাইকার।

নেইমারের পর ডি মারিয়াও নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ঝামেলার রেশ এখনও টানতে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়দের। প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় টোকা মারায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। এবার আরও বড় শাস্তি হলো তার সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়ার।
বুধবার ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ডি মারিয়াকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ-তিনি প্রতিপক্ষ খেলোয়াড়কে থুতু মেরেছেন। যদিও লিগ কর্তৃপক্ষ নিষিদ্ধ করার কারণ হিসেবে থুতু ছিটানোর কথা উল্লেখ করেনি। তবে ম্যাচের পর মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস বোয়াস অভিযোগ করেছিলেন, তার দলের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে থুতু মেরেছেন ডি মারিয়া। এই গঞ্জালেসেরই মাথায় টোকা মেরে নিষিদ্ধ হন নেইমার।

কলকাতাকে উড়িয়ে জিতলো মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের আরেক ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ হারিয়ে দারুণ জয় পেয়েছে রোহিত শর্মার দল। বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা মুম্বাই রোহিত শর্মার অসাধারণ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হয় কলকাতার ইনিংস।
১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কলকাতার ব্যাটসম্যানরা এদিন মুম্বাই বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি। ট্রেন্ট বোল্ট-জেমস প্যাটিনসনদের তোপে দলীয় ২৫ রানে দুই ওপেনারকে হারায় শাহরুখ খানের মালিকানার দলটি। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক দীনেশ কার্তিক ও নিতীশ রান কিছুটা চেষ্টা করলেও সফল হননি। কার্তিক ২৩ বলে ৩০ রান করে রাহুল চাহারের বলে আউট হন। আর কাইরন পোলার্ড ২৪ রানে রানাকে ফেরান। তবে শেষদিকে ৮ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তুলে হারের ব্যবধান কিছুটা কমান প্যাট কামিন্স। তিনি ১২ বলে ১টি চার ও ৪টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন। মুম্বাই বোলারদের মধ্যে বোল্ট, প্যাটিনস, জসপ্রিত বুমরাহ ও চাহার দুটি করে উইকেট নেন। পোলার্ড দখল করেন একটি উইকেট।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে মুম্বাই ওপেনার কুইন্ডন ডি কককে হারায়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রোহিত শর্মা ও সুরিয়া কুমার যাদব ৯৮ রান তুলে বড় সংগ্রহের আশা জোগান। শিভাম মাভির বলে আউট হওয়ার আগে রোহিত ৫৪ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৮০ রানে ম্যাচজয়ী ইনিংস খেলেন। যাদব ২৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করে রান আউট হন। কলকাতার হয়ে মাভি দুটি এবং সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট পান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে রোহিত শর্মার হাতে।

সেনেগালিজ গোলরক্ষক কিনলো চেলসি

ক্রীড়া প্রতিবেদক

ফরাসি কাব রেঁনে থেকে গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে দলে ভেড়ালো চেলসি। সেনেগালের এই তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লুজরা। ২৮ বছর বয়সী মেন্দি এর আগে লিগ ওয়ানে রেঁনের হয়ে এক মৌসুমে ২৫টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০১৯ সালে তিনি রেইমস থেকে রেঁনেতে পাড়ি দিয়েছিলেন।
গত মঙ্গলবারই মেন্দি তার মেডিক্যাল সম্পন্ন করেছেন। তবে তাকে দলে জায়গা পেতে রেকর্ড সাইনিং গোলরক্ষক কেপা আরিজাবালাগার সঙ্গে লড়াই করতে হবে। এদিকে এবারের দল-বদলের বাজারে রেকর্ডই গড়েছে চেলসি। ২০২০-২১ মৌসুমে এখন পর্যন্ত মেন্দিসহ মোট ৭জন ফুটবলার টেনেছে দলটি। এর আগে টিমো ভার্নার, কাই হাভার্ট, হাকিম জইস, মালাঙ্গ সার, বেন চিলওয়েল ও থিয়াগো সিলভাকে কিনেছিল চেলসি।

অবসর নিচ্ছেন উমর গুল

ক্রীড়া প্রতিবেদক

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন পাকিস্তান ক্রিকেট দলের পেসার উমর গুল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার শেষবারের মতো পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেনেন। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে এই টুর্নামেন্ট।
উমর গুল বেলুচিস্তান দলের সদস্য। মুলতান ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার ডট টিভির এক প্রতিবেদনে উমর গুলের অবসর নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। উমর গুল পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ৬০টি টি-টোয়েন্টি ও ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ওই দলের সদস্য ছিলেন গুল।

৬৯ লাখ ইউরোতে অ্যাতলেটিকোয় সুয়ারেজ

ক্রীড়া প্রতিবেদক

কিকে সেতিয়েনের ব্যর্থতার মৌসুম কাটিয়ে দলকে নতুন করে সাজাতে রোনাল্ড কোম্যানকে নিয়োগ দেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন মৌসুমে কাবের চিত্রই পাল্টে দিচ্ছে বার্সা। পুরনো অধ্যায় ভুলতে যেনো পুরনো খেলোয়াড়দেরও বিদায় করা হচ্ছে ন্যু-ক্যাম্প থেকে। আর্তুলো ভিদালের বিদায়ের ঠিক পরই এবার লুইস সুয়ারেজের বিদায় ঘন্টা বাজলো। অবশেষে বার্সেলোনা ছেড়ে ৬০ লাখ ইউরোতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন এই উরুগুইয়ান।
গতকাল বৃহস্পতিবার সুয়ারেজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় মাদ্রিদের কাবটি। যদিও বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর রয়েছে। তবে কাতালানদের নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেয়ার পর সাফ জানিয়ে দেয় লুইস সুয়ারেজকে তার দরকার নেই। সে কারণে সুয়ারেজকে বার্সা ছাড়তে হলো। বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৯৮টি। যা তাকে কাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর উরুগুইয়ান এই স্ট্রাইকার ১৩টি ট্রফি জিতেছেন।

সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন লে সোমার

ক্রীড়া প্রতিবেদক

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ইউরো কোয়ালিফাইয়ারের অ্যাওয়ে ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের মহিলা আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ইউজেনি লে সোমার।
৩১ বছর বয়সি লিও’র এই নারী ফুটবলার ১৫তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে রেকর্ডে ভাগ বসান। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৮১ গোল করে এতদিন একক ভাবে দেশের হয়ে সর্বাধিক গোলদাতার আসনে ছিলেন মেরিনেট পিঞ্চন। ফরাসি অধিনায়ক লে সোমার এরপর পেনাল্টি থেকে ফের গোল করে রেকর্ডটি একক ভাবে নিজের করে নেন। ২০১৯ সালের অক্টোবরে ৮০ গোলে আটকে থাকার পর এই রেকর্ড ভাঙ্গার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে সোমারকে। নিজের দ্বিতীয় গোলটি করার পর আনন্দে আত্মহারা এই ফুটবলার সতীর্থদের জড়িয়ে ধরে নিজের উচ্ছাস প্রকাশ করেন। তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডের আসনটি দখলে রেখেছেন কানাডার ক্রিস্টিন সিনকেয়ার। তিনি বর্তমানে ২৯৬টি ম্যাচে অংশ নিয়ে ১৮৬ গোল করেন।

নেদারল্যান্ডসের দায়িত্ব নিলেন ডি বোয়ের

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়াক্সের সাবেক কোচ ফ্রাঙ্ক ডি বোয়ের। কমলা শিবিরের সঙ্গে ৫০ বছরের এ ফুটবল গুরু চুক্তি করেছেন দুই বছরের জন্য। ২০২২ কাতার বিশ্বকাপেও ডাচদের কোচের দায়িত্বে থাকবেন তিনি।
আয়াক্স ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ডি বোয়ের উত্তরসূরি হয়েছেন রোনাল্ড কোম্যানের। আগস্টে কোম্যান চলে গেছেন বার্সেলোনায়। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত এমএলএস কাব আটলান্টা ইউনাইটেডের দায়িত্ব পালনের আগে স্বল্প সময়ের জন্য তিনি কোচ হিসেবে ছিলেন ইন্টার মিলান ও ক্রিস্টাল প্যালেসে। ২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস ফাইনালে উঠেছিল কোচ বার্ট ফন মারউইকের অধীনে। তখন তিনি ছিলেন ডাচদের সহকারী কোচ।

আর্সেনালে ধরাশায়ী লেস্টার সিটি

ক্রীড়া প্রতিবেদক

লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে কোচ মিকেল আর্তেতার আর্সেনাল। চতুর্থ রাউন্ডে গানার শিবিরের জন্য হয়তো অপেক্ষা করছে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। আসরে নিজেদের আগামী ম্যাচেই লিভারপুলের সঙ্গে দেখা হয়ে যেতে পারে আর্সেনালের।
ক্রিশ্চিয়ান ফাচের আত্মঘাতী গোলে ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের শেষ মিনিটে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন এডি এনকেতিয়াহ। ইংলিশ লিগ ওঢান কাব লিঙ্কনের বিপক্ষে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা জিতলেই লিভারপুলের সঙ্গে দেখা হযয়ে যেতে পারে দ্য রেড শিবিরের।

হাভার্টজের হ্যাটট্রিকে দুর্বার চেলসি

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে হ্যাটট্রিক করলেন কাই হাভার্টজ। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ লিগ কাপে চেলসি ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ বার্নসলিকে। ঘরের মাঠের এ জয় দিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
২১ বছরের জার্মান ফুটবলার হাভার্টজ এই প্রথম গোল করলেন চেলসির হয়ে। নতুন কাবের হয়ে প্রথম গোল করার দিনে উপহার দিয়েছেন দাপুটে হ্যাটট্রিকও। ৭১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চলতি মাসেই বায়ার লেভারকুসেন থেকে স্টামফোর্ড ব্রিজে নাম লেখিয়েছেন তিনি। ট্যামি আব্রাহাম প্রথম এগিয়ে নেন ব্লুজ শিবিরকে। তার পথ ধরে একে একে তিন গোল করেন হাভার্টজ। পরে গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন রস বার্কলি ও অলিভার জিরুদ।

পিসিবির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজিগুলোর মামলা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের কোনো ফ্র্যাঞ্চাইজি। এই মডেল পরিবর্তন করতে আইনি পথে হেঁটেছে তারা। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ছয় দল।
ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি পিএসএলের আর্থিক এই মডেলে পিসিবি লাভবান হচ্ছে। কিন্তু প্রতি মৌসুমেই লোকসান গুণতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে এনিয়ে চলছে বিরোধ। অবশেষে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, লাহোর হাই কোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিএসএলের স্থানীয় সম্প্রচারসত্ত্ব নিয়ে ব্লিটসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে পিসিবি। আর্থিক দ্বন্দ্বে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে কদিন আগে আদালতে যেতে বাধ্য হয়েছিল তারাও।