স্পোর্টস ডেস্ক
নাটকীয়তায় ঠাসা ম্যাচে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারল না যুক্তরাষ্ট্র। শুরুতে গোল করে আশা জাগালেও শেষ হাসি হাসল মেক্সিকো। ঘুরে দাঁড়িয়ে কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা নিজেদের করে নিল তারা।
বাংলাদেশ সময় সোমবার সকালে টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ও রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হলো মেক্সিকো।
খেলার মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেবাস্টিয়ানের ফ্রি কিক থেকে ডিফেন্ডার ক্রিস রিচার্ডস দুর্দান্ত হেডে বল পাঠান বারপোস্টে, যেখান থেকে বল মাটিতে একবার বাউন্স খেয়ে বাইরে চলে যায়। তবে রেফারির গোলের বাঁশি বিভ্রান্তি দূর করে এবং উল্লাসে মেতে ওঠে যুক্তরাষ্ট্র শিবির।
তবে ২৭তম মিনিটেই ম্যাচে ফেরে মেক্সিকো। সতীর্থের দুর্দান্ত পাস পেয়ে, ডি-বক্সে প্রথম ছোঁয়ায় জোরাল শটে সমতা ফেরান রাউল হিমেনেস। এই গোলটি তিনি উৎসর্গ করেন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক সতীর্থ দিয়োগো জটাকে। গোল উদ্যাপনে জটার নাম লেখা মেক্সিকোর একটি জার্সি উঁচিয়ে ধরেন হিমেনেস।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর মেক্সিকো একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কাজের কাজটি হচ্ছিল না। উল্টো পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রও সুযোগ পেয়েছিল, তবে ফল আনতে ব্যর্থ হয়।
অবশেষে ৭৭তম মিনিটে আসে বিজয়ের মুহূর্ত। কর্নার থেকে দুর্দান্ত হেডে মেক্সিকোকে এগিয়ে দেন এদসন আলভারেস। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইড না থাকায় রেফারি গোলের বাঁশি বাজান।
শেষ বাঁশি বাজতেই উদযাপনে ফেটে পড়ে মেক্সিকো দল। ২০২১ সালের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল মেক্সিকোর। এবার তারই জবাব দিল তারা রেকর্ড গড়ে।
প্রসঙ্গত, দুই বছর পরপর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ শিরোপা জিতেছিল ২০২১ সালে। কানাডা একমাত্র অন্য দেশ যারা ২০০০ সালে একবার এই শিরোপা জিতেছিল।











































