Home জাতীয় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

10


খুলনাঞ্চল রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যায় কোন বিচারক জামিন দেয়? সেগুলোর পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলছেন, আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় কেউ বাধা দেয় কেউ যদি কোন ধরণের প্রেশারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন।
হাসনাত আইন উপদেষ্টাকে উদ্দেশ্যে করে আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে- এটা যেমন আমাদের ব্যর্থতা তেমনি আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা আপনার কাছে জানতে চাই, কথা ছিল জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। এখন মে মাস, এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন হয় নাই। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ও প্রথম সংস্কার।
আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্র্বতী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ১৪ দলের বিষয়ে এ সরকারের কি চিন্তা সেটি স্পষ্ট করতে হবে।
কুমিল্লা জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই সমাবেশে যোগ দেন এনসিপি, বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।