Home জাতীয় জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

6


খুলনাঞ্চল রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
শুক্রবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।
ওই পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
জানা যায়, তিন দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ-অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেল চারটায় অনশন শুরু করেন তাঁরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ মিনিটে গণ–অনশন শুরুর ঘোষণা দেন।
এদিকে সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ দফা দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে ‘জবি ঐক্য’ প্লাটফর্ম থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। রইছ উদ্দীন বলেন, আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে।
বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সকল বাজেটে সেই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ন থাকে, সেই আশ্বাস পেয়েছি আমরা। অর্থ মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে সাথে মিটিংয়ে সরকার আমাদের ৪ দফা দাবি মেনে নিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।
সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব। আমাদের তিন দফা দাবির অস্থায়ী আবাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে প্রায়োরিটি ব্যসিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বাজেট বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব।
আন্দোলন সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে তাই আমাদের চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি এবং কমপ্লিট শাটডাউন তুলে নিচ্ছি।