স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টানা ৭৪ দিন পর একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও, শিক্ষকরা ক্লাসে অংশ না নেওয়ায় তা কার্যত স্থগিত রয়েছে। শিক্ষকরা সাফ জানিয়ে দিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষায় ফিরবেন না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিলেও, কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
শিক্ষক সমিতি ১৮ এপ্রিল সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়, এবং সেই অনুযায়ী কেউ ক্লাসে যোগ দেননি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম কবে শুরু হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানান, কুয়েট প্রশাসন এ সংকট নিরসনে শিক্ষকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ডিন, কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছে।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তার জন্য তারা দুঃখপ্রকাশ করেছেন এবং পুনরায় শিক্ষকদের কাছে ক্ষমা চাইবেন। শিক্ষার্থী প্রতিনিধি রাহাতুল ইসলাম বলেন, “আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল উপাচার্যের অপসারণ, শিক্ষকরা এর বাইরে।”
১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন ক্যাম্পাসজুড়ে তালা ঝোলানো হয় এবং সিন্ডিকেট রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। সংঘর্ষের ঘটনায় ৪০০-৫০০ অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়।
পরবর্তী দিনগুলোতে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, লালকার্ড প্রদর্শন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন করে। ২১ এপ্রিল থেকে অনশন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার ১৮ এপ্রিল অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তবে, রাতের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহার, হল খোলা এবং ৪ মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে ইউজিসির প্রতিনিধি দল কুয়েট ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের আশ্বাস দিলে অনশন ভাঙানো সম্ভব হয়।











































