স্পোর্টস ডেস্ক
চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে আজ শনিবার মাঠে নামবে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর মুত্তিয়া চিন্নাসামী স্টেডিয়ামে এরই মধ্যে বিদায় নেওয়া চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে তারা।
টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও আজ আত্মসম্মান বজায় রাখার জন্য খেলবে চেন্নাই। কারণ, আইপিএলের একই মৌসুমে কখনো নিজেদের মাঠে ও বেঙ্গালুরুর মাঠে হারেনি চেন্নাই। এর আগে চিপকে নিজেদের প্রথম দেখায় চেন্নাইকে ৫০ রানে হারিয়েছিল কোহলির বেঙ্গালুরু।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরু তিন নম্বরে আছে। তাদের ওপরে কেবল মুম্বাই ইন্ডিয়ানসও গুজরাট টাইটানস। তাদের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে। এখনো পর্যন্ত ৪৪৭ রান করে দলকে সাফল্য এনে দিচ্ছেন দলের প্রাণভোমরা কোহলি। চেন্নাইয়ের বিপক্ষে আজকের ম্যাচেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বেঙ্গালুরু। আজ তার ব্যাট হাসলে একটি-দুইটি নয়, পাঁচটি মাইলফলক গড়তে পারবেন কোহলি।
কোহলির সামনে ৫ মাইলফলক গড়ার হাতছানি
৮ হাজার ৫০০: আইপিএলে ৮৫০০ রান থেকে ৫৩ রান দূরে কোহলি।
৯ হাজার ৫০০: টি-টোয়েন্টিতে ভারতে ৯ হাজার ৫০০ রান থেকে ১০ রান দূরে কোহলি
৭৫০: আইপিএলে ৭৫০ চার থেকে ৬টি চার দূরে কোহলি
৩০০: আরসিবির হয়ে ৩০০ ছক্কা থেকে ১টি ছক্কা দূরে কোহলি। (আইপিএল + সিএলটি২০)
৫০: আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ৫০টি ছক্কা থেকে ৭টি ছক্কা দূরে কোহলি
যদিও চেন্নাইয়ের বিপক্ষে আজকের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে প্রচুর শঙ্কা রয়েছে। গত দুই দিন ধরে বেঙ্গালুরুতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজও সেই শঙ্কা আছে। শঙ্কা সত্যি হলে ক্ষতিটা বেশি বেঙ্গালুরুরই হবে।











































