ঢাকা অফিস।।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি ‘উপযুক্ত’ সময়ের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সময়টি হলোÑ আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা এপ্রিল। গতকাল শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার। সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা যদি গতিশীল করা যায় এবং অংশীজনরা সহযোগিতা করলে সংস্কারের পর সরকারঘোষিত সময়েই নির্বাচন সম্ভব। এ জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে। যদি এ সময়ে সংস্কার এবং বিচার কাজ শেষ না হয়, তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। কারণ এরপর কোরবানির ঈদ এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।
উপদেষ্টাদের আচরণে অসন্তুষ্টির কথা জানিয়ে জামায়াত আমির বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাক্সিক্ষত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে।
তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে। তিনি বলেন, আপনারা রাজনীতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন। রাজনীতি করার আপনারও অধিকার আছে। কিন্তু দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারে কেউ যদি রাজনীতি করেন, সেটা জাতি মেনে নেবে না, জাতি চায়ও না।
শফিকুর রহমান বলেন, কোনো কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজিসহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। এ জন্য যেখানে যাই শুনতে হয়, রেট আগের চেয়ে বেশি। কেন ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না। এ সময় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। কোরআনবিরোধী কমিটিকে বাতিল করতে হবে। এ বিষয়ে সরকারকে এরই মধ্যে আমরা সতর্ক করেছি। যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।











































