Home খেলাধুলা দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর ঘোষণা বিসিবি সভাপতির

দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর ঘোষণা বিসিবি সভাপতির

10

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় জাতীয় দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলকে শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সফর হবে কি না তা এখনও নিশ্চিত নয়। ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে মাঠে অনুশীলন করছেন। বিদেশি কোচিং স্টাফরা প্রায় সবাই এখন বাংলাদেশে। এরই মধ্যে ছেলেদের নিয়ে কাজ শুরু করেছেন। এজন্য শিগগিরই দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আন্তর্জাতিক সিরিজ হবে নাকি ঘরোয়া ক্রিকেট শুরু করবেন তা পরিস্কার করেননি বিসিবি সভাপতি।
গতকাল সোমবার মিরপুরে নাজমুল হাসান বলেন, ‘আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো এতোটুকু আমরা জানি। কিভাবে তা জানি না। বাইরের কারো সাথে হবে কি না জানি না। আমারা নিজেদের ক্রিকেট শুরু করে দিবো, হয়তো ঘরোয়া ক্রিকেটও। ’তবে সিদ্ধান্তটা হুটহাট নিয়েছেন তা বোঝা গেল আরেক প্রশ্নের জবাবে। বিসিবি সভাপতি বলেন, ‘কি করবো সেটা এখন বলছি না। কিছু তো একটা করবোই। ক্রিকেট মাঠে ফেরাবো। এখন কোচিং স্টাফরা আছে। ছেলেরা এতোদিন খেলার বাইরে, ওদেরকে আবার খেলার মাঠে নিয়ে আসবো। ’ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল মার্চে। করোনার কারণে প্রথম রাউন্ডের পরই লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ঢাকা লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে কি না এমন প্রশ্নের উত্তরেও বিসিবি সভাপতি ছিলেন এলোমেলো।
‘একেবারে ওই রকম কিছু করতে পারব কি না জানি না। আমরা তো সব কাবগুলোকে ম্যানেজ করতে পারব না। যেটুকু আমরা ম্যানেজ করতে পারব ততজনকে নিয়েই করবো। এটা আপনার ৪০ বা ৬০ খেলোয়াড় হতে পারে। করোনাকালীন সময়ে ওদের নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। আমরা যতটুকু নিয়ন্ত্রণ করতে পারব ততটুকু খেলা চালাব। তবে মাঠে খেলা গড়াবেই।’ – বলেন নাজমুল হাসান।

অস্ট্রেলিয়ার নাটকীয় হার

ক্রীড়া প্রতিবেদক

১৪৪ রানে তৃতীয় উইকেটের পতন, তবু ভাবা হচ্ছিল সহজ লক্ষ্যের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু ভয়াবহ ব্যাটিং ধসে শেষ ৬৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি। অপরদিকে বোলারদের দারুণ নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে ২৪ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। এরইসঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ১-১ ব্যবধানে সমতা আনলো ইয়ন মরগানের দল।
রবিবার ম্যানচেস্টারে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান করে। জবাবে ৪৮.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো ছিল না অজিদের। দলীয় ৯ ও ৩৭ রানে ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোইনিসকে হারায় তারা। জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে সাজঘরে ফেরেন তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্নাস লাবুশানের ১০৭ রানের জুটি স্বপ্ন দেখায় অস্ট্রেলিয়াকে। কিন্তু এরপরেই উইকেটে ঝড় বইয়ে দেন ইংলিশ বোলাররা। ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদরা একের পর এক উইকেট তুলে নেন। ১০৫ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৩ করে ওকসের বলে বোল্ড হন ফিঞ্চ। দারুণ জুটি গড়া লাবুশানেকেও ব্যক্তিগত ৪৮ রানে ফেরান সেই ওকস। উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ৩৬ করলেও, বাকিদের কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় অজিদের করুণ হারের পরিণতি হয়। ইংলিশ বোলারদের মধ্যে ওকস, আর্চার ও স্যাম কারেন ৩টি করে উইকেট লাভ করেন। আদিল রশিদ একটি উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক ইংল্যান্ডও নড়বড়ে ব্যাটিং উপহার দেয়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৪২ করেন অধিনায়ক মরগান। এছাড়া ৩৯ রান আসে জো রুটের ব্যাট থেকে। তবে শেষদিকে টেলএন্ডার ব্যাটসম্যান টম কারেন ও রশিদের ৭৬ রানের জুটিই বাঁচিয়ে দেয় ইংলিশদের। ৩৯ বলে ৩৭ করেন কারেন। আর ২৬ বলে ৩৫ করে অপরাজিত থাকেন রশিদ।
অজি বোলারদের মধ্যে স্পিনার অ্যাডাম জাম্পা সর্বোচ্চ ৩ উইকেট নেন। মিচেল স্টার্ক ২টি উইকেট দখল করেন। এছাড়া জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ একটি করে উইকেট ভাগাভাগি করে নেন। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরা হন আর্চার। কাল বুধবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল নিয়ে লিগ কমিটির সভা বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক

কাব ও ফুটবলারদের সঙ্গে আলোচনার পর নতুন মৌসুম শুরু নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। কবে দলবদল হবে এবং কবে ফুটবল মাঠে গড়াবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে লিগ কমিটি সভায় বসছে বৃহস্পতিবার বিকেল ৩টায়।
বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় সমাধানের পর নতুন মৌসুম নিয়ে সিদ্ধান্ত নিতে হবে লিগ কমিটিকে। ফুটবলাররা দাবি করেছেন পরিত্যক্ত মৌসুমের পাওনা শতভাগ পরিশোধ করে নতুন মৌসুমের ৫০ ভাগ অগ্রিম দিতে হবে। কাবগুলো পরিত্যক্ত মৌসুমের পাওনা পরিশোধে সম্মত হলেও আগামী মৌসুমের চুক্তি অনুযায়ী পরিশ্রমিকের ২০-২৫ ভাগের বেশি দিতে রাজি নয়। নতুন মৌসুম শুরুর আগে এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আছে বিদেশি ফুটবলারের কোটা ও ভেন্যু কমানো। পরিত্যক্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হয়েছিল ৭ ভেন্যুতে। কাবগুলো ভ্রমণ কমাতে এবং সময় বাঁচাতে আসন্ন ফুটবল মৌসুমে সর্বোচ্চ চারটি ভেন্যুতে খেলা আয়োজনের প্রস্তাব দিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ময়মনসিংহ স্টেডিয়াম ও কুমিল্লা স্টেডিয়ামে খেলা হবে নিশ্চিত। ভেন্যু চারটি করলে যোগ হবে গোপালগঞ্জ স্টেডিয়াম।

কিশোর ফুটবলার রাকিবকে বাফুফের সহায়তা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের অধিনায়ক রাকিবুল ইসলামের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি দুই ধাপে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়েছে সাতক্ষীরার এ কিশোরকে।
গত বছর ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন রাকিবুল। গত ডিসেম্বরে বাফুফের ফর্টিস একাডেমিতে অনুশীলনের সময় বড় ধরনের চোট পান। বাফুফে প্রথমে রাকিবুলের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল। গতকাল সোমবার আরো ১ লাখ টাকা দেয়া হয়েছে।

আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে হকির সভা আজ

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি এবং মার্চে ঢাকায় অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট নিয়ে আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সভায় বসছে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটি। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে দুপুর ১২ টায় বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ২১ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি। আন্তর্জাতিক এ টুর্নামেন্টের টাইটেল কিনেছে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ বিশ্বকাপেরও বাছাই পর্ব। সেমিফাইনালে উঠতে পারলেই বাংলাদেশের যুবারা পাবে বিশ্বকাপের টিকিট। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বাংলাদেশের সামনে দারুণ এক সম্ভাবনা বিশ্বকাপে কোয়ালিফাই করার।
জুনিয়র এশিয়া কাপ সফলভাবে আয়োজন ও সে সঙ্গে দলের পারপরম্যান্স- বাংলাদেশ হকি ফেডারেশনের সামনে দুটি চ্যালেঞ্জ। ১ অক্টেবার থেকে জুনিয়র এশিয়া কাপের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে কোথায় ক্যাম্প হবে তা এখনো ঠিক হয়নি। আজ মঙ্গলবারের সভায় যুব দলের কোচ ও ম্যানেজার ঠিক করা হতে পারে। সেই সঙ্গে কোথায় ক্যাম্প হবে সে সিদ্ধান্তও নেবে ফেডারেশন।

অনলাইন ব্লিটস দাবায় রঞ্জন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

উত্তরা সেন্ট্রাল চেস কাব আয়োজিত ৬৮তম ইউসিসিসি অনলাইন ব্লিটস দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী মাহবুব আফজাল রঞ্জন। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন তিনি। সমান খেলায় ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে লিমন লামো রানারআপ এবং ফিলিপাইনের রে ডাম্পালিয়া তৃতীয় হয়েছেন। ৬.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে ইঞ্জিনিয়ার এস এম তারেক চতুর্থ এবং জুয়েল খান পঞ্চম হয়েছেন। আর ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ষষ্ঠ থেকে নবম স্থান লাভ করেন যথাক্রমে মতিউর রহমান মামুন, হাবিব হোসেন খান নান্টু, এস এম সাজিদ এবং শ্যামল সরকার। ৫.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে দশম থেকে চতুর্দশ হয়েছেন যথাক্রমে মাহমুদুল হোসেন পলাশ, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, আনিসুল হক বুলবুল, সোহানুর রশিদ এবং হাসান ইমাম। ২.৫ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় ৩৮তম এবং মেয়েদের মধ্যে প্রথম হন জাবাশ্রী দাশ গুপ্তা।

১৮৫ কেজি ওজন তুলতে সময় লাগবে

ক্রীড়া প্রতিবেদক

প্রায় সারা বছরই মাবিয়া আক্তার সীমান্ত অনুশীলনের মধ্যে থাকেন। ভারোত্তোলনে এর কোনও বিকল্প নেই। একটু ঢিলেমি দিলেই ফিটনেস নিচের দিকে নামতে থাকে। যদিও বৈশ্বিক করোনাভাইরাস এই ভারোত্তোলককে পিছিয়ে দিয়েছে অনেক। দীর্ঘ পাঁচ মাস প্রায় অলস সময় কাটাতে হয়েছে। এই সময়ে ভারোত্তোলন দূরের কথা, অনুশীলনই করতে পারেননি। তবে আশার কথা, সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে আবারও অনুশীলনে নেমেছেন এসএ গেমসে টানা দু’বার সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত।
২০১৬ সালে ভারতের এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণির স্ন্যাচ এবং কিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে লাল-সবুজ পতাকা উড়িয়েছিলেন মাবিয়া। তিন বছর পর অবশ্য ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও কিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলে আবারও দেশকে সোনার পদক এনে দেন। তবে দীর্ঘদিন অনুশীলনে বিরতি থাকায় নিজের আগের পারফরম্যান্স করাই এখন কঠিন হয়ে গেছে। আর এটাই স্বাভাবিক। মাবিয়া বলেছেন,‘এখন তো মাত্র অনুশীলন শুরু করেছি। ফিটনেস ফিরে পাওয়ার জন্য পরিশ্রম করছি। বেশি ভারী ওজনও তুলছি না। ফিটনেস পুরোপুরি ফিরে পেলে তখন হয়তো ভারী ওজন তোলা যাবে। তবে হ্যাঁ, আগের মতো ফিটনেস ও পারফরম্যান্স দেখাতে হলে আমার ৬ মাসের বেশি সময় লাগবে। সবশেষ ১৮৫ কেজি ওজন তুলেছিলাম। তা করতে হলে অনেক সময় লাগবে।’

টাইগারদের অনুশীলনে ফিরলেন কোচিং স্টাফরা

ক্রীড়া প্রতিবেদক

করোনা বিরতি দিয়ে এতদিন ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছিলেন। তবে শ্রীলঙ্কা সফরে ঘিরে দলীয় অনুশীলন শুরু হয়েছে। আর এবার এই ক্যাম্পে যোগ দিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যরা।
গতকাল সোমবার ১৪ দিনের কোয়ারেন্টিন পূরণ হওয়ার আগেই ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এর আগে করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন থিয়েম

ক্রীড়া প্রতিবেদক

ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম। ক্যারিয়ারে এটি তার প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এর আগে তিনবার তার সামনে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ এসেছিল। কিন্তু তিনবারই হেরে যান তিনি। তিনি দুইবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও দুইবারই হেরে যান রাফায়েল নাদালের কাছে। আর একবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারেন নোভাক জোকোভিচের কাছে। রবিবার নিউইয়র্কের ফাশিং মিডোসে অনুষ্ঠিত ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে পরাজিত করেন থিয়েম। খেলার ফলাফল ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬(৬)।
জয়ের পর ডোমিনিক থিয়েম বলেছেন, ‘অবশ্যই জীবনের বড় স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি এই স্বপ্ন দেখে আসছিলাম। কয়েকবার জয়ের কাছাকাছি গিয়েছি। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে, একদিন গ্র্যান্ড স্লাম জয় করব।’ তিনি আরো বলেন, ‘এই অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। বলতে গেলে, জীবনের পুরো অংশটাই এর পেছনে ব্যয় করেছি। আজ সেটা অর্জন করতে পেরেছি। আমার নিজের জন্য, দলের জন্য, পরিবারের জন্য এটি বিশাল অর্জন। তারা আমার জন্য যা করেছে আজ বোধ হয় তা ফেরৎ দিতে পেরেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে তিন মাসের মতো আন্তর্জাতিক ক্রিকেটই বন্ধই ছিল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ২২ গজের লড়াই ফিরলেও দর্শক ফেরেনি গ্যালারিতে। তবে শিগগিরই দর্শকের দেখা মিলবে আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মেয়েদের ম্যাচ দিয়ে মার্চের পর প্রথমবার গ্যালারিতে ফিরতে যাচ্ছে দর্শক।
প্রতিবেশী দুই দেশের নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। সব ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অর্থাৎ, করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দর্শক ফেরাচ্ছে অস্ট্রেলিয়া। মাঠে বসে দর্শকরা খেলা দেখলেও তাদের খুব বেশি উল্লাস না করার অনুরোধ করা হচ্ছে কতৃপক্ষ থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল সোমবার থেকে শুরু করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি। ২৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে ভেন্যুর মোট দর্শক ধারণক্ষমতায় অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের সব টিকিট শেষ।

জয় পেলো না পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল লেন্সের কাছে ০-১ গোলে হেরে যাত্রা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। করোনাভাইরাসে আক্রান্ত থাকার কারণে সে ম্যাচে ছিলেন না নেইমার, ডি মারিয়াসহ পিএসজির সাত খেলোয়াড়। ফলে মোটামুটি দ্বিতীয় সারির দল নামাতে হয়েছিল কোচ থমাস টুখেলকে।
কিন্তু দ্বিতীয় ম্যাচে নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসরা ফিরলেও বদলায়নি পিএসজির ভাগ্য। এবার তুলনামূলক শক্তিশালী মার্শেইর বিপক্ষেও একই ব্যবধানে হেরেছে লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা, তাও কি না নিজেদের ঘরের মাঠে। লিগের প্রথম দুই ম্যাচে নেই কোনো গোল, মিলেছে পরাজয়; পিএসজির ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে ঘটল মাত্র দ্বিতীয়বার। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমের লিগেও প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হেরেছিল ১৯৭০ সালে যাত্রা শুরু করা কাবটি।
ম্যাচ যখন মার্শেইর পক্ষে ১-০ ব্যবধানে শেষ হতে চলেছিল, তখনই অতিরিক্ত যোগ করা সময়ে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক ফাউলকে কেন্দ্র করে রীতিমতো মারামারি লেগে যান দুই দলের খেলোয়াড়রা। সে ঘটনার নেইমারসহ ৫ জনকে লাল কার্ড দেখান রেফারি। সবমিলিয়ে পুরো ম্যাচে ১২ হলুদ কার্ড ও ৫ লাল কার্ড দেখিয়েছেন রেফারি। যা কি না চলতি শতকে লিগ ওয়ানে সর্বোচ্চ কার্ডের রেকর্ড।

আগামী গ্রীষ্মেই পিএসজি ছাড়বেন এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

হতে পারে, লিওনেল মেসির পরিস্থিতি দেখে আগেই সতর্ক হয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। সেজন্যই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার চুক্তির এক মৌসুম বাকি থাকতেই কাব প্যারিস সেন্ত জার্মেইকে বলে দিয়েছেন, ২০২০-২১ মৌসুম শেষে অন্য ঠিকানায় যেতে চান।
পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তিটি ২০২২ সাল পর্যন্ত। সুতরাং ২১ বছর বয়সী বিশ্বমানের এই স্ট্রাইকারকে বিক্রি করে যদি পারিসিয়ান কাবটি কিছু টাকা কামাতে চায়, সেটির শেষ সুযোগ আগামী মৌসুম। এর মধ্যে তাকে না ছেড়ে দিলে কোষাগারে কোনও বাড়তি টাকা জমা পড়বে না। কারণ পরের মৌসুম শেষেই ফ্রি-এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে, তাকে বিনা ফিতেই নিতে পারবে অন্য কোনও কাব।

রিয়ালকে প্রত্যাখান করে খুশি কামাভিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

অনেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বের অন্যতম ধনী কাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। তবে সেক্ষেত্রে একেবারে ব্যতিক্রম এদুয়ার্দো কামাভিঙ্গা।
১৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে চেষ্ঠা করে যাচ্ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু রিয়ালের আগ্রহ প্রত্যাখান করে খুশি কামাভিঙ্গা। ২০২০/২১ মৌসুমেও থাকছেন রেঁনে’তে। কারণ ফরাসি কাবটি চলতি মৌসুমে খেলবে চ্যাম্পিয়নস লিগে। বিশ্ব কাব ফুটবল শ্রেষ্ঠত্বের এই অভিযানে রেঁনের হয়ে থাকতে চান কামাভিঙ্গা। ফ্রান্সের উদীয়মান তারকাদের একজন কামাভিঙ্গা। গত মৌসুমে রেঁনের জার্সিতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অভিষেক হয় তার। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচটিও খেলে ফেলেছেন তিনি।

শ্রীশান্তের জন্য কেরালার দরজা খোলা

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ৭ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন ভারতীয় পেসার শ্রীশান্ত। এখন থেকে তিনি প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলতে পারবেন।
সেক্ষেত্রে সবুজবাতিও পেয়েছেন ৩৭ বছর বয়সী তারকা। শ্রীশান্তের জন্মস্থান কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) আনন্দিত তার ফেরায়। ফিটনেস দেখাতে পারলে কেরালার হয়ে আসন্ন ঘরোয়া মৌসুমেও দেখা যেতে পারে শ্রীশান্তকে। এমনটাই জানিয়েছেন কেরালার কোচ টিনু ইয়োহান্নান। তিনি বলেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম এবং নিজেকে ফিট রেখে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন শ্রীশান্ত। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি। তাকে বিবেচনায় রাখব। তবে এটা নির্ভর করে তার ফর্ম এবং ফিটনেসের ওপর। তবে তার জন্য দরজা খোলা। ’