খুলনাঞ্চল ডেস্ক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তান সীমান্তের ফিরোজপুর জেলায় বিপুল পরিমাণ অত্যাধুনিক রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করেছে। শনিবার উদ্ধার হওয়া এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি একে-৪৭ ও দুটি এম-১৬ রাইফেল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, অভিযানের সময় বিএসএফ সদস্য অস্ত্র ও গুলিভর্তি একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে সীমান্তের কাছে জগিন্দার চৌকি এলাকায় এই ব্যাগ পাওয়া গেছে।
বিএসএফ’র এক কর্মকর্তা জানান, একে-৪৭ এর ছয়টি ম্যাগজিন ও ৯১ রাউন্ড এবং এম-১৬ রাইফেলের চারটি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া গেছে ব্যাগে।
বিএসএফ’র স্থানীয় স্টেশন হাউস কর্মকর্তা বিরবল সিং জানান, সীমান্ত ফাঁড়ির কাছের একটি ক্ষেতে টহল দল ব্যাগটি দেখতে পায়। একটি প্লাস্টিকের পরিচ্ছন্ন ব্যাগে অস্ত্র পাওয়া গেছে।











































