স্টাফ রিপোর্টার
পাইকগাছায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) খুলনা-পাইকগাছা সড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাইকগাছার আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। এছাড়া আহত হন মোটর সাইকেলচালক মো: হুসাইন (২২)। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য (বিচুলি) বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রকালে পরষ্পর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছ কাটার কাজ শেষে বাড়ি ফিরছিল। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিলেন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। সেখানে তাদের দু’জনের মৃত্যু হয়েছে।
পাইকগাছা থানার ওসি মো. সাফজাল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ বিষয়টি তদন্ত খোঁজ নিয়ে দেখছে।











































