Home খেলাধুলা নিউজিল্যান্ডের হয়ে অনেক রেকর্ড গড়া গাপটিলের অবসর

নিউজিল্যান্ডের হয়ে অনেক রেকর্ড গড়া গাপটিলের অবসর

41


স্পোর্টস ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাদা বলে নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মার্টিন গাপটিল। আজ বুধবার এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই ওপেনার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি।


২০০৯ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা গাপটিল নিউজিল্যান্ডের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে। ব্লাক ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গাপটিল। এর মধ্যে আছে ১৯৮টি ওয়ানডে, ১২২টি ২০ ওভারের ম্যাচ এবং ৪৭টি টেস্ট। তিন সংস্করণে ২৩টি সেঞ্চুরি আছে তার। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সর্বাধিক রান গাপটিলের। ১২২ ম্যাচে করেছেন ৩ হাজার ৫৩১ রান। আর ৫০ ওভারের ক্রিকেট ওয়ানডেতে গাপটিল নিউজিল্যান্ডের তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক। এই সংস্করণে ৭ হাজার ৩৪৬ রান আছে তার। ওয়ানডেতে গাপটিলের চেয়ে বেশি রান কেবল রস টেলর ও স্টিফেন ফ্লেমিংয়ের।

বিদায়ী বার্তায় গাপটিল বলেন, ‘শৈশবে নিউজিল্যান্ডের হয়ে খেলা ছিল আমার স্বপ্ন এবং নিজের দেশের হয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরে আমার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়।… আমি আজীবন কিউই জার্সি পরা স্মৃতিগুলিকে লালন করব। এত বছরে আমি আমার সমস্ত সতীর্থ এবং কোচিং স্টাফকে অনেক ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে মার্ক ও’ডোনেলকে। তিনি আমাকে অনূর্ধ্ব-১৯ স্তর থেকে কোচিং করিয়েছেন এবং আমার ক্যারিয়ারে সবসময় সমর্থন ও শিখিয়ে গেছেন।’

পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে গাপটিল লিখেছেন, ‘আমার স্ত্রী লরা এবং আমাদের সন্তান হার্লে এবং টেডিকেও ধন্যবাদ। আমার এবং আমাদের পরিবারের জন্য যে ত্যাগ স্বীকার করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ লরা। ক্যারিয়ারের নানা উত্থান-পতনে তুমিই ছিলে আমার সবচেয়ে বড় সমর্থক, আমার আস্থা এবং পরামর্শক। তোমার প্রতি আমি চির কৃতজ্ঞ। সমর্থনের জন্য সবশেষে আমি নিউজিল্যান্ডের ও বিশ্বের সব জায়গার ক্রিকেট সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। ওই বছরই আইসিসির বিশ্ব একাদশে জায়গা পান তিনি। এছাড়া নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারও তিনি। ওয়েলিংটনে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন গাপটিল।

এছাড়া ২০২৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ ও ২০১৭ সালে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেছিলেন গাপটিল। কিউইদের হয়ে ব্যক্তিগত সেরা চার ওয়ানডে ইনিংসের তিনটিই এই ওপেনারের।

টি-টোয়েন্টিতে দুইটি সেঞ্চুরি গাপটিলের। ২০১২ সালে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ছয় বছর পর অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে ১০৫ রান করেন তিনি।