স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। মুলতানে সিরিজের ম্যাচ আয়োজনের কথা থাকলেও সেটি পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের ম্যাচগুলো এখন আয়োজিত হবে লাহোর ও করাচিতে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। এই দুটি মাঠই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। চার ওয়ানডের ত্রিদেশীয় সিরিজটি শুরু হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাপক সংস্কার আনা হয়েছে। আরামদায়ক বসার ব্যবস্থাসহ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৫ হাজারে উন্নীত করা হয়েছে। সম্প্রচারের মান উন্নত করার জন্য স্টেডিয়ামে বসানো হয়েছে উন্নতমানের ৪৮০টি এলইডি লাইট। এছাড়াও স্থাপন করা হচ্ছে দুটি বিশাল আকারের ডিজিটাল রিপ্লে স্ক্রিন। আগামী সপ্তাহের মধ্যেই এর কাজ শেষ হবে।
একইভাবে করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে সম্প্রচারের মান উন্নত করতে ৩৫০টি এলইডি লাইট স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আপ্যায়ন ব্যবস্থা ও দর্শকদের জন্য অতিরিক্ত ৫ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সংস্কার করা হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও।
পিসিবি নিশ্চিত করেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ঠিকঠাকই চলছে। সংস্কার করা লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচির মাঠে মূল ম্যাচগুলো আয়োজিত হবে। এছাড়া খেলোয়াড় ও দর্শকদের জন্য থাকছে বিশ্বমানের ব্যবস্থা। ২৫ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। এজন্য নিরলসভাবে কাজ করছেন ২৫০-এরও বেশি কর্মী। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।











































