Home আঞ্চলিক বাগেরহাটে এবার নিখোঁজ শিশুর বাবাকে হত্যার হুমকি

বাগেরহাটে এবার নিখোঁজ শিশুর বাবাকে হত্যার হুমকি

55

স্টাফ রিপোর্টার।।


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রাম থেকে নিখোঁজ হওয়া শিশু আহমদ উল্লাহ রাজের বাবাকে হত্যার হুমকি ও গালিগালাজ করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজের বাবা আলাউদ্দিন মোল্লা মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি বলেন, কিছুদিন ধরে অজ্ঞাতনামা লোকজন আমার চলাফেরা ও গতিবিধি অনুসরণ করছেন। রাতের বেলায় তারা আমার বাড়ির আশেপাশে এসে আমার নাম ধরে গালিগালাজ করে । আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে। সব শেষ সোমবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে আনুমানিক ১টার দিকে আমাদের বসত ঘরের গেটের সামনে এসে আমার নাম ধরে অকথ্য ভাষায় গালি গালাছ করে ও হত্যার হুমকি দেয়। তখন ঘরের মধ্যে বসে উচ্চস্বরে ডাকচিৎকার দিলে, আশপাশের লোকজন ছুটে চলে আসে গালিগালাজ করা লোকজন পালিয়ে যায়। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২২ নভেম্বর, শুক্রবার বিকেলে বাড়ির সামনে থেকে আমার ছেলে আহমদ উল্লাহ রাজ (৯) নিখোঁজ হয়। এর ৮দিন পর ৩০ নভেম্বর পিরোজপুর জেলার পাড়েরহাট নৌপুলিশ কচানদী থেকে অজ্ঞাত অর্ধগলিত এক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় না পাওয়ায় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে, আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করে নৌপুলিশ। বিষয়টি জানতে পেরে আমরা ওই শিশুকে আমাদের সন্তান বলে দাবি করি। এরপর থেকেই মূলত আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে। আমি যাতে আমার ছেলে হত্যার বিচার না চাই, এজন্যই মূলত হত্যাকারী ও মাদক ব্যবসায়ীরা এভাবে ভয় দেখাচ্ছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ রাজের বাবা সাধারণ ডায়েরি করেছেন। রাজের নিখোঁজ হওয়া, কচা নদীতে অজ্ঞাত মরদেহ পাওয়া এবং হুমকি সব বিষয় সামনে রেখে তদন্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে