Home খেলাধুলা টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড!

টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড!

64


স্পোর্টস ডেস্ক।।
প্রথম খেলা শুরু দুপুর দেড়টায়, অথচ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় সকাল হতেই জড়ো হতে থাকে ক্রিকেটপ্রেমীরা। স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকিট বুথে পড়ে যায় লম্বা লাইন, যদিও সেখানে টিকিট বিক্রি হবে না তা আগেই জানিয়েছিল বিসিবি। সেখানে টিকিট না পেয়ে ১ ও ২ নম্বর গেটের সামনে জড়ো হয় টিকিট প্রত্যাশীরা। একপর্যায়ে সেখানে তারা বিক্ষোভ করতে থাকে। যেটা পরবর্তীতে গড়ায় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়াতে! ফলে উদ্বোধনের আগেই থমথমে পরিবেশ সৃষ্টি হয় হোম অফ ক্রিকেটে! তবে এই দায় কার? উত্তরে আয়োজক বিসিবি’র নামই আসবে। বিপিএলকে নতুনত্ব দিতে গিয়ে ক্রিকেটীয় বিষয়গুলোই হয়তো ভুলে গিয়েছিলেন ক্রিকেট কর্তারা! আর এ কারণেই ‘নতুন বিপিএল’ শুরু হলো বিশৃঙ্খলা, ভাঙচুর আর বিক্ষোভ দিয়ে! ‘বিপিএলকে পরিবর্তন করতে গেলে কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করুন’- রোববার সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের মন্তব্য এটি। তবে সম্ভবত বিসিবি কর্তারা তার কথার সঙ্গে একমত নন। বিপিএল ঘিরে বিসিবি’র প্রস্তুতি শুরু হয়েছে দুই মাস আগে! এর মধ্যে স্পন্সর ঘোষণা অনুষ্ঠান হয় প্রথম ম্যাচের অন্তত দেড় মাস আগে। এরপর এক সপ্তাহ আগে মিরপুরে হয় মিউজিক ফেস্ট, পর্যায়ক্রমে চট্টগ্রাম ও সিলেটেও হয় এটি। অথচ এতকিছুর মধ্যে মাঠে দর্শক আসার যে মাধ্যম সেই টিকিট বিক্রির কথাই যেন ভুলে যান বিপিএল কর্তারা।
রোববারই টিকিট নিয়ে বিক্ষোভ করেন দর্শকরা। ২ নম্বর গেটের সামনে তাদের বিক্ষোভ চলে সকাল থেকেই। টিকিট নিয়ে বিসিবি’র ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেন তারা। তাদের বিক্ষোভ দেখেই হয়তো টিকিট বিক্রির কথা মনে পড়ে বিসিবির। বেলা পৌনে ১১টায় এক বিবৃতিতে কোথায় টিকিট পাওয়া যাবে, কিভাবে কিনতে হবে বা মূল্য কত সেগুলো জানায় তারা। অথচ বিপিএল নিয়ে বিসিবি মেতে আছে গেলো ২ মাস ধরে। কিন্তু টিকিট বিক্রির বিবৃতি দিলো প্রথম খেলা থেকে ২৬ ঘণ্টা আগে! যদিও পুরো অব্যবস্থাপনা নিয়ে দায় স্বীকার করে দায়িত্ব এড়াতে চাইলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর তার ফল দেখা গেলো ম্যাচের দিন! গতকাল সকাল থেকেই স্টেডিয়ামের সামনের রাস্তা ও ২ নম্বর গেটে বিক্ষোভ করতে থাকেন ক্রিকেট প্রেমীরা। বিসিবি রোববার জনায়, টিকিট পাওয়া যাবে অনলাইনে িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোয় টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। ক্ষোভে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি গতকাল প্রথম ম্যাচের দল দুর্দান্ত রাজশাহীর টিমবাসও তাদের বিক্ষোভের মুখে ২ নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি। পরে তাদের ৪ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করানো হয়। তাদের পেছনে থাকা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেয় তারা। এ সময় মিরাজ গাড়ি থেকে নেমে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিসিবি’র অ্যাক্রিডিটেশন কার্ড পরিহিত একদল লোক পরে নিজেরাই দায়িত্ব নেয় দর্শকদের লাঠিপেটা করার। এ সময় ক্ষুব্ধ দর্শকরা দূর থেকে ঢিল ছোড়েন, ২ নম্বর গেটের সামনে লাগানো বিপিএলের ব্যানারও ভাঙচুর করেন তারা। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিসিবি’র মূল ফটক বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিসিবি’র লোকেরা বাশ হাতে তাদের ধাওয়া দেন। কয়েকজনকে ধরে নিয়ে যেতেও দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ থাকতে বিসিবি’র লোক কেন বাশ-লাঠি নিয়ে দর্শকদের ওপর চড়াও হবে! তাহলে পুলিশের কী প্রয়োজন! যদিও পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। এ বিষয়ে একজন পুলিশকে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি। তবে বিসিবি’র কার্ড পরিহিত এক লোক দাবি করেন তারা ধৈর্য্য ধরেছেন। তাতে কাজ না হওয়ায় বাঁশ হাতে চড়াও হন। কিন্তু তাদের কে এই আদেশ দিলো সে বিষয়ে কিছু বলেননি। তবে পুলিশ ও বিসিবির ‘লাঠিয়াল বাহিনী’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়, এই সময় এক বিক্ষোভকারীকে আটক করা হয়। এই ঘটনার জন্য দর্শকরা বিসিবি’র অব্যবস্থপনা ও দায়িত্বহীনতাকে দায়ী করেন। সজীব নামের ২৬ বছর বয়সী এক দর্শক বলেন, ‘বিপিএল নিয়ে এত আয়োজন অথচ টিকিটের বিষয়ে বিসিবি এত উদাসীন।’ গতকাল প্রথম খেলা ছিল রাজশাহীর। কয়েক বছর পর এবারের আসর দিয়ে বিপিএলে ফিরেছে তারা। নিজ বিভাগের খেলা দেখতে রাজশাহী থেকে কয়েকজন তরুণ ঢাকায় আসেন শনিবার। কিন্তু টিকিট কেনার কোনো তথ্য পাচ্ছিলেন না। গতকাল অনলাইনে টিকিট দিলেও কাটতে পারেননি। পরে অফলাইনে গিয়েও হতাশ হতে হয় তাদের। তাদের মধ্যে আরিফ নামের একজন বলেন, ‘বিসিবি ২-৩ দিন আগে টিকিট নিয়ে তথ্য দিতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না।’