Home খেলাধুলা আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের শারমিন

আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের শারমিন

26


স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরা হয়েছেন শারমিন আক্তার সুপ্তা। দীর্ঘ প্রায় দেড় বছর পর ক্রিকেটে ফিরে এমন পারফরম্যান্সের ফলস্বরূপ ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার।

নভেম্বরের মাসসেরার লড়াইয়ে শারমিনকে লড়তে হবে ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্কের সঙ্গে। ছেলেদের বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জেনসেন। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে আইসিসি।

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে ৩ ম্যাচের প্রথমটিতে শারমিন করেন ৮৯ বলে ৯৬ রান। পরের দুই ম্যাচে ২৮ বছর বয়সী এই ব্যাটারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬৩ বলে ৪৩ রান ও ৮৮ বলে ৭২ রান। যদিও শেষ ম্যাচটি ডিসেম্বর মাসে হয়েছে। আরেকটি দারুণ ইনিংস খেলে সিরিজ-সেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী ব্যাটার। এই ম্যাচটি হয় অবশ্য ডিসেম্বর মাসে।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তবে ৩ ম্যাচের সেই সিরিজে ৮০ রান করার পাশাপাশি ৪টি উইকেট নিয়ে দারুণ ঝলক দেখান ডি ক্লার্ক। একই সিরিজে ১৪২ রান করে ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ পেয়েছেন নভেম্বরের মাসসেরার মনোনয়ন।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ঐতিহাসিক জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন বুমরাহ। ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে প্রথম ইনিংসে তিনি ৩০ রানে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ শিকার ধরেন তিনি ৪২ রান দিয়ে। নভেম্বরজুড়ে ১০টি ওয়ানডেতে ১৩ উইকেট ও তিনটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন রউফ। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে রাখেন সবচেয়ে বড় অবদান। অজিদের বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন মার্কো জেনসেন। সিরিজে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে খেলেন ১৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস। পরে শ্রীলংকার বিপক্ষে ডারবান টেস্টে দেখান নিজের রুদ্রমূর্তি। মাত্র ৪১ বলে ১৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে নেন আরও ৪ উইকেট। তার আগুনে পারফরম্যান্সেই ২৩৩ রানের জয় দিয়ে সিরিজে এগিয়ে যায় প্রোটিয়ারা।