স্পোর্টস ডেস্ক
নানা রেকর্ডের জন্ম দিয়ে দিন দুয়েক আগেই শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। এবার ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে ১০ দল মিলে। মোট ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করেছে সব দল মিলে। আগের সব রেকর্ডকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে রিশাভ পান্তকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই দিকে পান্ত রেকর্ড করলেও একটি রেকর্ডে অনন্য ভারতের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট।
রবি ও সোমবার হওয়া নিলামে ১ কোটি রুপিতে উনাদকাটকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাঁহাতি এই পেসারের ভিত্তিমূল্য ছিল এটাই। আর কোনো দল আগ্রহ না দেখানোয় হায়দরাবাদেই জায়গা হয় উনাদকাটের। গত মৌসুমেও এই দলটির জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। সেবার ১১ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
এবারসহ আইপিএলে মোট ১৩ বার কেনা হয়েছে উনাদকাটকে। তিনি ছাড়া আইপিএল ইতিহাসে আর কোনো ক্রিকেটারকে এত বেশিবার কেনা হয়নি। তথ্য কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজারের।
গণমাধ্যমটির তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকেই আইপিএল নিলামে উঠছেন উনাদকাট। এর মাঝে শুধু ২০১২ ও ২০২১ সালে তিনি নিলামে উঠেননি। প্রত্যেকবার নিলামে উঠেও বিক্রি হয়েছেন তিনি। ২০১৮ সালে সর্বোচ্চ ১১ কোটি ৫০ লক্ষ রুপি পেয়েছিলেন এই পেসার। সবমিলিয়ে আইপিএলে মোট আটটি দলের জার্সি পরেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এতগুলো দলে খেলেননি আর কোনো ক্রিকেটার।











































