মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জীবন জীবিকার সন্ধানে সুন্দরবন উপকূল সংলগ্ন মোংলা ও রামপালের জেলেরা জীবনের সাথে কঠিন লড়াই করেন উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সুরক্ষা করে আপনারা মাছ ধরবেন। যারা বনকে ধ্বংস করে বিষ দিয়ে মাছ ধরেন তারা জেলে নন, তারা দুষ্কৃতকারী। তবে প্রকৃত জেলেরা সেটা কখনই করেন না। তিনি আরো বলেন, বছর জুড়ে প্রায়ই নিষেধাজ্ঞা চলাকালে সরকার নাম মাত্র চাল সহায়তা দিলেও তা অধিকাংশ জেলে পান না। অনেকে জেলে নন, তাঁরাও এ সহায়তা পাওয়ায় প্রকৃত জেলেরা বঞ্চিত হন। এ নিষেধাজ্ঞার জাঁতাকলে তাই ধার দেনায় বছর বছর জর্জরিত উপকূলের জেলেরা। রামপাল-মোংলার সমুদ্রগামী জেলেরা পরিবার নিয়ে এখন চরম দুর্দশার মধ্যে আছেন। মাছ ধরে যে টাকা আয় করেন, তা দিয়ে ঋণ শোধ করে হাতে কিছু থাকে না। ফলে দুর্দশা তাঁর পিছু ছাড়ছে না। সেসব জেলেদের পাশে সব সময় তিনি থাকবেন বলেও আশ্বস্ত করেন।
সমুদ্রগামী মৎস্যজীবি ব্যবসায়ী ও জেলেদের সাথে বাগেরহাটের রামপাল উপজেলায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে রামপাল মডেল মসজিদের গ্রাউন্ড ফ্লোরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সমুদ্রগামী সহস্রাধিক জেলে ও তাদের পরিবার উপস্থিত হন।
প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় চলমান অবরোধ শেষ হবে আগামী ৩নভেম্বর। এরপরেই জেলেরা আবার সমুদ্রে মাছ শিকার নামবেন। তাদের উদ্দেশ্য করে এই সভা করেন বিএনপি নেতা ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
সুন্দরবন মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোতাসিন ফরাজীর সভাপতিত্বে এ সবায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা মৎসজীবি দলের সভাপতি মোঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।











































