স্টাফ রিপোর্টার
খুলনায় সমন্বয়ক পরিচয়ে নগরীর ফারাজীপাড়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি ও ভীতি ছড়ানোর ঘটনায় শনিবার দুপুরে দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের সেনাসদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে তিন থেকে চারটি মোটরসাইকেলে কয়েক যুবক ৫০/৫১ নম্বর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে ঢোকে। এ সময় তারা প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের চারটি গাড়ি গিয়ে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।











































