স্পোর্টস ডেস্ক
২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গড়িমসি করছে ভারত। সেজন্য প্রতিবেশী দেশটিকে একটি উদার প্রস্তাব দেয় পাকিস্তান। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআইকে পাকিস্তান এমন প্রস্তাব দিচ্ছে যে, ভারত চাইলে প্রত্যেকটি ম্যাচ শেষে পাকিস্তানের কোনো হোটেলে অবস্থান না করে সরাসরি ভারতে ফিরতে পারবে।
সেক্ষেত্রে তারা পাকিস্তান লাগোয় চন্ডিগড় বা দিল্লিতে ক্যাম্প করে থাকতে পারবে। আর খসড়া সূচি অনুযায়ী, ভারতের ম্যাচগুলোও দেয়া হচ্ছে ভারতের অপেক্ষাকৃত নিকটবর্তী শহর লাহোরে। তাছাড়া একটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করলে তার নিরাপত্তাও দেওয়া যায় বেশি। এমনকি ভারতের দুইটি ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
এমন কোনো প্রস্তাব পাওয়ার খবরকে ভারতের ক্রিকেট সংস্থা (বিসিসিআই) উড়িয়ে দিয়েছে। আর এমন প্রস্তাব পেলেও যে তারা রাজি হবে না সেকথাও জানিয়ে দিয়েছে তারা। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো।
প্রসঙ্গত, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের আয়োজনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। দীর্ঘদিন পর বৈশ্বিক বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। টুর্নামেন্টে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত ও পাকিস্তানের গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।
এর আগে, গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। সেসময়ও পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। পরে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করে টুর্নামেন্টটি শেষ করে আয়োজক পাকিস্তান। ভারতের খেলা শ্রীলংকায় আয়োজন করা হয়।
সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করে ভারত। এরপর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের চরম অবনতি হয়। দু’পক্ষের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় ২০১২-১৩ সালে। সেবার ভারতের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দুই দল।











































