স্পোর্টস ডেস্ক
ক্রিকেটে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলার কথা এই টুর্নামেন্ট। দীর্ঘদিন পর বৈশ্বিক বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। সেই অনুযায়ী, আটঘাট বেধে প্রস্তুতিও নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে ঝামেলা বেধেছে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে। নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের গিয়ে ক্রিকেট খেলতে চায় না ভারত।
এর আগে, গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। সেসময়ও পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। পরে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করে টুর্নামেন্টটি শেষ করে আয়োজক পাকিস্তান। ভারতের খেলা শ্রীলংকায় আয়োজন করা হয়। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার ভিন্ন প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআইকে পাকিস্তান প্রস্তাব দেয়, ভারত চাইলে প্রত্যেকটি ম্যাচ শেষে পাকিস্তানের কোনো হোটেলে অবস্থান না করে সরাসরি ভারতে ফিরতে পারবে। সেক্ষেত্রে তারা পাকিস্তান লাগোয় চন্ডিগড় বা দিল্লিতে ক্যাম্প করে থাকতে পারবে। আর খসড়া সূচি অনুযায়ী, ভারতের ম্যাচগুলোও দেয়া হচ্ছে ভারতের অপেক্ষাকৃত নিকটবর্তী শহর লাহোরে। তাছাড়া একটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করলে তার নিরাপত্তাও দেওয়া যায় বেশি।
ক্রিকবাজের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভারত দলের ভ্রমণের জন্য যা যা করা দরকার সবই করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান বোর্ড। এমনকি ভারতের দুইটি ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
খসড়া সূচি অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একটি ম্যাচ রাওয়ালপিন্ডিতেও দেওয়া হতে পারে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই ভেন্যুটিও ভারতের সীমান্তের কাছাকাছি। টুর্নামেন্টে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত ও পাকিস্তানের গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।
সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফর করে ভারত। এরপর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের চরম অবনতি হয়। দু’পক্ষের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় ২০১২-১৩ সালে। সেবার ভারতের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দুই দল।











































