ঢাকা অফিস
আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ সংসদীয় আসনের সাবেক এমপি। তার বাবা তৈয়ব আলী বেপারী ছিলেন দরিদ্র কৃষক। ভাগ্যের চাকা ঘোরাতে আব্দুস সোবহান গোলাপ আশির দশকে পাড়ি জমান আমেরিকাতে। সেখানে পিৎজা বিক্রি ও গাড়ি চালাতেন। এক পর্যায় পরিচয় হয় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে। সম্পর্ক গভীর হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। গোলাপকে বানানো হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগক সচিব। এরপর ২০১৪ সালে তাকে বানানো হয় বিশেষ সহকারী। ২০১৬ সালে তাকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বানানো হয়। ২০১৮ সালের নির্বাচনে ‘রাতের ভোটের’ এমপি নির্বাচিত হন। এরপর শুরু করেন নানা অনিয়ম।
নির্বাচনী হলফনামায় দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে তার নিজের ও স্ত্রীর অর্থ সম্পদ চার গুণের বেশি বেড়েছে। মাদারীপুর সদর উপজেলার একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকা থেকে ২০১৮ সালে প্রথমবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তনি নির্বাচনী হলফনামায় তার স্ত্রী ও নিজের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব পেশ করেছেন।
নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালে আব্দুস সোবহান গোলাপের নিজের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ লাখ ৬২ হাজার ৪১৭ এবং স্ত্রীর নামে ৫১ লাখ ৯ হাজার ৬৯০ টাকা জমা ছিল। ২০২৩ সালে তার জমা অর্থের পরিমাণ ছিল এক কোটি ৪৫ লাখ ৩ হাজার ৯৩১ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ১৮ হাজার ৫৩৮ টাকা।
২০১৮ সালের হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর কাছে ৯৮ হাজার ১১৮ ইউএস ডলার থাকলেও ২০২৩ সালে তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা ছিল না বলে হলফনামায় দাবি করেন। তবে আব্দুস সোবহানা মিয়া গোলাপের ২০১৮ সালের হলফনামা মোতাবেক আগে কোনো গাড়ি ছিল না। তবে ২০২৩ সালের হলফনামা মোতাবেক তার একটি টয়োটা হ্যারিয়ার জিপ রয়েছে। যার বাজার মূল্য উল্লেখ করা হয়েছে ৯০ লাখ ৬৪ হাজার ২৪৭ টাকা। তবে দুর্নীতিতে চমক দেখিয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন শুধু দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি কিনেছেন তিনি। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এসব বাড়ি কিনেছেন। এগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘ এক যুগ ধরে ক্ষমতার অপব্যবহার করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, জমি দখল, সরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়ে অবৈধ উপায়ে শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি। দেশে-বিদেশে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা রেখেছেন।
অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপির ওয়েবসাইটে করা একটি প্রতিবেদনে গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি বাড়ির কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুস সোবহান গোলাপ ২০১৪ সালে প্রথম নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। পরের পাঁচ বছরে তিনি নিউইয়র্কে একে একে মোট ৯টি প্রপার্টি বা সম্পত্তির (ফ্ল্যাট বা বাড়ি) মালিক হন। এসব সম্পত্তির মূল্য ৪০ লাখ ডলারের বেশি (ডলারের বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী প্রায় ৪২ কোটি টাকা)।
আব্দুস সোবহান গোলাপ ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ওসিসিআরপির করা প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পাঁচটি কনডোমিনিয়াম কিনেছিলেন আব্দুস সোবহান। সেসময় ওই সম্পত্তির মূল্য ছিল প্রায় ২৪ লাখ ডলার। এ ছাড়া আশপাশের ভবনগুলোতে ৬ লাখ ৮০ হাজার ডলার মূল্যের তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি।
নিউইয়র্কে কেনা এসব সম্পত্তির নথিপত্র বলছে, সম্পত্তিগুলো নগদ অর্থে কেনা হয়েছিল। এগুলোর মালিকানায় রয়েছেন তার স্ত্রী গুলশান আরাও।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১৫ আগস্ট তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছিলেন। এর সাত মাস আগে বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ভুয়া মুক্তিযোদ্ধা:
একাধিক সূত্রে জানা গেছে, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা না হলেও ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এমপি হয়ে। তিনি ক্ষমতায় আসার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে কেউ চিনতেন না। ক্ষমতায় আসার পর পরই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।
মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হারুন শরীফ বলেন, আব্দুস সোবহান গোলাপ মুক্তিযোদ্ধা নন। তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আমরা কখনো তাকে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি না। হাসিনা ক্ষমতায় আসার পরেই শুনি গোলাপ মুক্তিযোদ্ধা। আগে কখনো শুনিনি তিনি মুক্তিযোদ্ধা।
জমি দখল:
আব্দুস সোবহান গোলাপের বাবা তৈয়ব আলী বেপারী ছিলেন দরিদ্র কৃষক। জমিজমা তেমন কিছুই ছিল না। তবে গোলাপ এমপি হওয়ার পর শুরু করেন দখলবাজি। পাড়া প্রতিবেশী কাউকেই বাদ দেননি। নিজ বংশের লোকদের জমিও দখল করেন। কেউ প্রতিবাদ করলেই তাকে মামলা হামলা করে বাড়ি ছাড়া করা হতো। দখল হওয়া জমি ফেরত পেতে পাঁচজন বাদী হয়ে মাদারীপুর আদালতে ৫টি মামলা দায়ের করেন। তবে মামলা হলেও ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাননি।
তবে আওয়ামীলীগ সরকার পতনের পর ক্ষতিগ্রস্ত এবিএম সালাহ উদ্দিন, জুলহাস বেপারী, শাহীন সুলতানা, মাসুম বেপারী, মনজুয়ারা বেগম, মুজিবুর রহমান, শাহনাজ বেগম, মশিউর রহমান, কামরুজ্জামানসহ ১০ ব্যক্তি দুদকে একটি অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এবিএম সালাহ উদ্দিন বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি গোলাপ ক্ষমতা দেখিয়ে দখল করেছেন। আমরা আগে মামলা করেছি কিন্তু প্রতিকার পাইনি। আশা করি, সরকার এখন ব্যবস্থা নেবে।
দখল করেছেন মুক্তিযোদ্ধার জমিও:
বীর মুক্তিযোদ্ধ এবিএম নুরুল আলম সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার পৈত্রিক জমিও দখল করেছেন গোলাপ। তিনি বলেন, গোলাপের বাবার তেমন কোনো জমিজমা ছিল না। অন্যের জমি দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন গোলাপ। আমার নিজের জমিও দখল করেছেন। বাধ্য হয়ে আদালতে মামলা করেছি কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। আমি চাই গোলাপের বিচার হোক।
মনোনয়ন বাণিজ্য:
স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন গোলাপ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক প্রদানের জন্য প্রতিটি ইউনিয়ন থেকে একাধিক প্রার্থীর কাছ থেকে কোটি হাতিয়ে নিতেন গোলাপ। তবে মনোনয়ন প্রদান করতেন একজনকে বাকিদের টাকাও ফেরত দিতেন না। শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার কথা বলে সিরাজ মাল নামে এক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন গোলাপ।
সিরাজ মাল বলেন, মনোনয়ন দেওয়ার নামে আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে অনেক টাকা নিয়েছেন গোলাপ। আমাকে মনোনয়ন দেয়নি। টাকাও ফেরত দেয়নি।
পদ বাণিজ্য:
গোলাপ আওয়ামী লীগের দফতর সম্পাদক হওয়ার পর শুরু করেন পদ বাণিজ্য। দলীয় পদ দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ দেওয়ার নামে এসব অপকর্ম করে বেড়াতেন। এছাড়াও আ.লীগ ও শেখ মুজিবের নাম যুক্ত বিভিন্ন ভুঁইফোর সংগঠন তৈরির কারিগর ছিলেন গোলাপ।
মুরাদ সরদার নামে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার এক বাসিন্দা বলেন, পদ বাণিজ্যের নামে তিনি অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। আমার কাছ থেকেও টাকা নিয়েছেন।
টিআর কাবিখা বরাদ্দে অনিয়ম:
টিআর কাবিখা বরাদ্দে নানা অনিয়ম করতেন গোলাপ। তার নিজের স্ত্রী গুলশান আরার নামেও তুলেছেন টিআর। টিআর ও কাবিখার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন গোলাপ।
সরকারি জমি দখল:
গোলাপ কলিকিনির একাধিক স্থানে দখল করেছেন সরকারি জমি। নির্মাণ করেছেন বহুতল ভবন। এসব কাজে তাকে সহযোগিতা করতেন তার দলীয় নেতাকর্মীরা।
বিনা ভোটে দুই ভাইকে ইউপি চেয়ারম্যান বানান:
ইউনুস বেপারী ও মিল্টন নামে তার দুই ভাইকে দুই মেয়াদে বিনা ভোটে চেয়ারম্যান বানান গোলাপ। নির্বাচনে অন্য প্রার্থীদের হুমকি-ধামকি দিয়ে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করেন তিনি। বিগত ইউপি নির্বাচনে রমজানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন আলী নুর তালুকদার। তিনি নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলে তাকে তুলে নিয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করেন।
রমজানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আলী নুর তালুকদার বলেন, আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম। কিন্তু আমাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। জোড় করে গোলাপ তার ভাইকে চেয়ারম্যান বানিয়েছেন।
বর্তমানে হত্যা মামলা জেলে থাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় কোনো বক্তব্য পাওয়া যায়নি আব্দুস সোবহান গোলাপের।











































