আন্তর্জাতিক ডেস্ক
লেবানেন সংকট থেকে উত্তরণের বৈঠক করছিলেন শহরের মেয়রসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এমন সময় ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। হামলায় মেয়রসহ পাঁচজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই শহরের নাম নাবাতিয়েহ। ইসরায়েলি হামলার শিকার হয়ে শহরের বেশিরভাগ মানুষ পালিয়ে যান। তবে মেয়রসহ বেশ কয়েকজন বাসিন্দাদের কথা ভেবে থেকে গিয়েছিলেন।
হামলায় হতাহতদের সংখ্যা আর বাড়তে পারে আশঙ্কা কর হচ্ছে। শহরের গভর্নর জানান, পুরো লেবাননেই এই অবস্থা। তারা বেসামরিকদের ওপর হামলা করছে, রেড ক্রসের ওপর করছে। হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।











































