স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে প্রায় এক বছর পর খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করলেন লিওনেল মেসি। বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে করলেন হ্যাটট্রিক। পাশাপাশি অন্য দুটি গোলে সহায়তাও করেছেন।
এদিন মেসির কাছ থেকে আবার রেকর্ড ছোঁয়া হ্যাটট্রিকও উপহার পায় ভক্তরা। দশম হ্যাটট্রিক করে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন। আর ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে তার ভাবনা জানালেন।
ম্যাচ শেষে মেসি বলেন, `এখানে খেলতে পারা ও আর্জেন্টাইন সমর্থকদের অনুরাগের ছোঁয়া পাওয়ার অনুভূতি দারুণ। যেভাবে তারা আমার নাম ধরে চিৎকার করে, আমাকে তা আবেগময় করে তোলে ও তাড়না জোগায়। সমর্থকদের সঙ্গে এই সংযোগ আমরা সবাই উপভোগ করি ও দেশের মাঠে খেলতে আমরা ভালোবাসি।‘
গত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির জাতীয় দলের জার্সিতে অবসরের গুঞ্জন শোনা যায়। যে প্রশ্নটি গত কিছুদিনে ফের উঠেছে, যেখানে এই ম্যাচ শেষে তা ছুটে গেল আবার, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানে সঙ্গী হবেন তিনি?
জবাবে মেসি বলেন, `ভবিষ্যৎ নিয়ে কোনো তারিখ বা সীমা ঠিক করিনি আমি। আপাতত সবকিছু উপভোগ করছি। আগের যে কোনো সময়ের চেয়ে আমি বেশি আবেগময় এবং লোকের ভালোবাসা লুফে নিচ্ছি, কারণ ভালো করেই জানি, আমার শেষ কিছু ম্যাচ হতে পারে এগুলো।‘











































