স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান তার সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন সবশেষ বিশ্বকাপেই। তবে বিভিন্ন দেশে ১০ ও ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের চাহিদা একটুকুও কমেনি। এবার শ্রীলংকার ঘরোয়া ১০ ওভারের টুর্নামেন্ট ‘লঙ্কা টি-টেন’ লিগে ডাক পড়েছে সাকিবের।
চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা আছে ১০ ওভারের এই টুর্নামেন্ট। এখনো টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়নি। সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল মার্ভেলস। সর্বোচ্চ দামের ক্যাটাগরি ‘প্ল্যাটিনাম’ থেকে বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০ ওভারের আসর আগে থেকেই আছে শ্রীলংকা। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট বেশি জনপ্রিয় হয়ে ওঠায় বর্তমানে এলপিএলের (লংকান প্রিমিয়ার লিগ, ২০ ওভারের) পর এবার ‘লঙ্কা টি-টেন’ লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আগামীকাল সাকিবের বাংলাদেশে আসার কথা। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচ দিয়েই এই সংস্করণ থেকে বিদায় নিতে চাচ্ছেন তিনি। এরই মধ্যে টেস্টটি উপলক্ষে ঘোষিত দলেও জায়গা হয়েছে সাকিবের।
ডিসেম্বরে ‘লঙ্কা টি-টেন’ লিগের পর আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে হবে সাকিবকে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসরটিতে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে চলেছেন সাকিব। জাতীয় দলের দায়িত্ব পালন করার মাঝেমাঝে খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগ, কানাডার জি-২০, যুক্তরাষ্টের ১০ ওভারের টুর্নামেন্ট সিক্সটি স্ট্রাইকার্সে। সেখানে লস অ্যাঞ্জেলস ওয়েভসের অধিনায়কত্বও করেছেন তিনি। এর মধ্যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়েও খেলে এসেছেন তিনি।











































