Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

65
বিল এলাকার পানি কমায় সেখানে মাছ ধরার ধুম পড়েছে। পড়ন্ত বিকেলে হেমন্তের স্নিগ্ধ গোধূলি রং প্রতিফলিত হয়েছে বিলের পানিতে। চলনবিল, চাটমোহর, পাবনা

মহানগরীর আরও ৯টি ওয়ার্ডে সম্মেলনের তারিখ ঘোষনা করেছে বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
মহানগরীর অর্ন্তগত আরও ৯টি ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে বিএনপি। মহানগরীর সদর ও দৌলতপুর থানা অর্ন্তগত এসব ওয়ার্ডের সম্মেলন শুরু হবে ১৯ অক্টোবর থেকে।
বুধবার (১৬ অক্টোবর) মহানগর বিএনপির মিডিয়া সেল খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সম্মেলনের তারিখ যথাক্রমে ১৯ অক্টোবর সদর থানার ২৯নং ওয়ার্ড, ২১ অক্টোবর দৌলতপুরের ৫নং ওয়ার্ড, ২২ অক্টোবর সদর থানার ২৪নং ওয়ার্ড, ২৩ অক্টোবর দৌলতপুরের ৬নং ওয়ার্ড, ২৪ অক্টোবর সদর থানার ২২নং ওয়ার্ড, ২৫অক্টোবর দৌলতপুরের আড়ংঘাটা ইউনিয়ন, ২৬ অক্টোবর দৌলতপুরের ৪নং ওয়ার্ড, ২৭ অক্টোবর দৌলতপুরের ১নং ওয়ার্ড এবং ২৮ অক্টোবর দৌলতপুরের ৩নং ওয়ার্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রিলিজ হতে যাচ্ছে ধ্রুব মিউজিকে টিপ টিপ বৃষ্টি
খবর বিজ্ঞপ্তি
রিলিজ হতে যাচ্ছে ‘টিপ টিপ বৃষ্টি শিরোনামে রোমান্টিক একটা গান। গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ডিজিটাল প্লাটফর্মের সব কয়টি সাইট থেকে একযোগে প্রচার করা হবে।
মিলন মাহমুদ রবির কথায় ডুয়েট গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের দুই প্রতিভাবান ও তরুণ কণ্ঠশিল্পী সুজানা রূপা ও দ্বীপ বাপ্পি। গানটির সুর করেছেন আশরাফ বাবু ও কম্পোজিশনে ছিলেন চঞ্চল।
আশির দশকের জনপ্রিয় গীতিকার ও সুরকার আশরাফ বাবু ‘টিপ টিপ বৃষ্টি’ গানে সুর দিয়েছেন। গান সম্পর্কে আশরাফ বাবু বলেন, রোমান্টিক একটি গান। গানের প্রতিটি লাইনে রোমান্টিকতার ছোঁয়া রয়েছে। যারা প্রেম করেছেন বা প্রেমে পড়েছেন তাদের সবারই গানটি ভালো লাগবে। সবার জীবনের ভালোলাগা কিছু মুহূর্তকে ছুঁয়ে যাবে গানটি। গানটির শুটিং হয়েছে বিভাগীয় শহর খুলনায়। খুলনার বিভিন্ন লোকেশনে ঘুরে শ্যুটিংয়ের কাজ শেষ করা হয়। বৃষ্টির মৌসুম থাকায়, গানটিও যেহেতু বৃষ্টি নিয়ে লেখা তাই বৃষ্টি ঘিরেই শ্যুটিং করা হয়েছে এ গানটি।
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রিলিজ করা হচ্ছে। এরই মধ্যে ধ্রুবর কর্ণধর ধ্রুব গুহের সাথে গানটি প্রচারের বিষয়ে টেবিল আলোচনা শেষ হয়ে সম্পচারের টেবিলে রয়েছে প্রচারের অপেক্ষায়।
গানটি সম্পর্কে ধ্রুবর কর্ণধর ধ্রব গুহ বলেন, সুন্দর একটি গান দেখতে পাবেন দর্শকরা। গানের কথা, সুর ও কম্পোজিশন সব মিলিয়ে অসাধারণ লেগেছে। গানটি মন কাড়বে সবার।
মডেলিং করেছেন অস্মিতা মৌ ঝিনুক ও এস কে সজল। সুন্দর এই জুটির অভিনয়ের মাধ্যমে তারা গানটিকে আরো ফুটিয়ে তুলেছেন।
কোরিওগ্রাফিতে ছিলেন আরফান শাহ বাবু ও সাইদুর রহমান বাপ্পি। ডিওপি ছিলেন এম এ সোবহান। পরিচালনায় রয়েছেন মিলন মাহমুদ রবি।

ঝিনাইদহ থানার নতুন ওসি আবদুল্লাহ আল মামুন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আবদুল্লাহ আল মামুন। গতকাল দুপুরে ওসি শাহীন উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন, থানার সেকেন্ড অফিসার এস. আই শরিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকৃত ওসি আবদুল্লাহ আল মামুন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করে ২০০৬ সালে মেহেরপুরের মুজিবনগর থানায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার হৃদয়পুর গ্রামে। তার পিতা ছিলেন শিক্ষক । ৫ ভাই ২ বোনের মধ্যে তিনি ভাইদের মধ্যে সবার বড়। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন। পরে নৌপুলিশের বিভিন্ন ইউনিটে সাড়ে ৪ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নাভারণ হাইওয়ে ও সর্বশেষ ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি ছিলেন।
মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় যোগদান করে তিনি সাংবাদিকদের বলেন, আমি থানায় যোগদান করার পর নিরীহ কোনও লোক হয়রানির শিকার হবে না। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের খারাপ আচরণে ফেরত যাবে না।
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ এর নির্দেশ মোতাবেক সদর থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেন।

খুলনা নগরীর দোলখোলা ও রায়পাড়া এলাকা ডেঙ্গু হটস্পট হিসাবে চিহ্নিত
তথ্য বিবরণী
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির চতুর্থ সভা বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ তবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় সভাপতি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারন করেছে। খুলনা শহর একটি আদর্শ হেলথ সিটি। সুতরাং বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে। সভায় প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামের আওতায় মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দুই শিফটে কাজ করা হচ্ছে। প্রথম শিফটে লার্ভিসাইড বা কালো তেলের যে কোন একটি স্প্রে করা হয় এবং বিকালে এ্যাডাল্টিসাইড ফগিং করা হয়। এ কাজে ৫৬টি ফগার মেশিন ও ৪৭টি হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ডোবা, নালার আবর্জনা ও ড্রেনের পেড়ীকাদা অপসারণ করা হচ্ছে।
সভায় দোলখোলা এবং রায়পাড়া এলাকা দুইটিকে ডেঙ্গু হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়। এ এলাকা দু’টিসহ সিটি কর্পোরেশনের জনবহুল স্থানসমূহে মাইকিংসহ অন্যান্য প্রচার কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান ২৪ অক্টোবর থেকে শুরু
তথ্য বিবরণী
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

খুলনা বিভাগীয় পর্যায়ে এ টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য অবহিতকরণ সভা বুধবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বিশে^ প্রতি দেড় মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। যাদের ৯০ শতাংশ বাংলাদেশের মতো নিম্ন-মধ্য আয়ের দেশের অধিবাসী। নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬জন এরোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেশে প্রতিবছর প্রায় ছয়হাজার পাঁচশত ৮২জন নারী এরোগে মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এরোগ প্রতিরোধ করা সম্ভব। আগামী ২৪ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরািি .িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।
সভায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দীন-উল ইসলাম, পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক বিকাশ কুমার দাশ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার-সহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

খুলনায় জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন
তথ্য বিবরণী
মাসব্যাপী জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন এবং বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনার দৌলতপুরস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
জাতীয় ইঁদুর দমন অভিযানে এবারের প্রতিপাদ্য ‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এবং বিশ^ খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইঁদুর কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করে। আবার মানুষের বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করে। আমরা ইঁদুর দমনে সফল হলে তা কৃষিক্ষেত্রে একটি বড় সফলতা বয়ে আনবে। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইঁদুর দমনের বিকল্প নেই। তবে ইঁদুর দমনের ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে প্রাকৃতিক উপায়গুলো বেশি করে কাজে লাগাতে হবে। ইঁদুরকে যেমন খাদ্যশস্য নষ্টের সুযোগ করে দেওয়া যাবে না, তেমনি আমরা নিজেরাও খাদ্যের অপচয় করবো না।
অনুষ্ঠানে জানানো হয়, ইঁদুর নামক প্রাণিটি মানুষ ও পশুপাখির প্লেগ, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগ, আমাশয়, জ্বর, কৃমিসহ প্রায় ৬০ প্রকার রোগ-জীবাণুর বাহক ও বিস্তারকারী। প্রজননের মাধ্যমে একজোড়া ইঁদুর একবছরে প্রায় তিন হাজার ইঁদুরে পরিণত হতে পারে। দেশে উৎপাদিত আমন ধানের শতকরা পাঁচ থেকে সাত শতাংশ ইঁদুর নষ্ট করে। গমের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ১২ শতাংশ পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে একক প্রাণি হিসেবে ইঁদুর দেশের সাত লাখ মেট্রিকটন খাদ্যশস্য নষ্ট করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তার ও কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিভাস চন্দ্র সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এবং মেট্রোপলিটন কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইঁদুর দমনের ক্ষেত্রে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

দাকোপে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভা
দাকোপ প্রতিনিধি
“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পারিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষক ও সাংবাদিক শচীন্দ্রনাথ মন্ডল প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়। এ ছাড়া ইঁদুর নিধনের জন্য হিরণময় রায় ও আব্দুল হাই নামে দুইজন কৃষককে পরস্কার দেওয়া হয়।

দাকোপে টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, অধ্যক্ষ অজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশিষ কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শীতাংশু মন্ডল, হীড বাংলাদেশের সঞ্জয় সরকার, ওয়ার্ল্ড ভিশনের স্টিফেন হেব্রম প্রমুখ।

ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা ইমারত নির্মাণের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক প্রভাবশালী কর্তৃক আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আদালতে মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া এলাকার মৃত সুবোধ চন্দ্র দাসের ছেলে রবিন দাস ও তার সহোদর হরিদাস দাসের সাথে একই পাড়ার মৃত পুলিন বিহারী দাসের ছেলে জগদীশ চন্দ্র দাসের শোভনা মৌজায় এক খন্ড জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে জগদীশ দাস বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে রবিন ও হরিদাস কে নানা ভাবে হয়রানি করে আসছে বলে তারা জানান। উপায়ান্তর না পেয়ে রবিন দাস বাদি হয়ে গত ১০ সেপ্টেম্বর খুলনার ডুমুরিয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন,যার নং-দেওয়ানী-২৫২/২৪। মামলাটি দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত ৭ অক্টোবর ওই জমিতে বিবাদী পক্ষকে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি প্রদান করেন। কিন্তু জগদীশ দাস আদালতের আদেশকে তোয়াক্কা না করে গায়ের জোর ও প্রভাব খাটিয়ে তর্কিত ওই জমিতে পাকা ইমারত নির্মাণ করে ছাদ ঢালাইয়ের কাজ অব্যাহত রেখেছে। এতে বাঁধা দিলে জগদীশ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে বলে বাদি অভিযোগ করে বলেন। আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান দিবসের আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি
“উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রায় ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন), উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান,মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা পরবর্তীতে একই স্থানে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। এসময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্দুরকানীতে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ডোবা থেকে হরলাল সরকার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরবলেশ্বর গ্রাম থেকে হরলাল সরকারের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী কল্পনা রানী জানান, সোমবার রাতে আমার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়িতে যাই। সেখানে আমি অসুস্থ হয়ে পড়লে আমি তাকে বাসায় পাঠিয়ে দেই। সকালে বাড়ি গিয়ে বাসা তালাবন্ধ দেখে তাকে খুজতে গিয়ে ঘরের পাশের ডোবায় লাশ দেখতে পাই। ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে। লাশ উদ্ধার করার সময় তার হাতে টর্চ লাইট পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামপালে এইচএসসি পরীক্ষায় কলেজে পাশের হার ৩৬.৫৪ মাদরাসায় ৮০.৯০ ও কারিগরিতে ৬১.৮৪
রামপাল প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় রামপাল সরকারি কলেজসহ ৩ টি কলেজে ফল বিপর্যয় ঘটেছে। বরাবরের মত এবারও তুলনামূলকভাবে মাদরাসাগুলো ভালো করলেও কারিগরি (বিএম) শাখার ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রামপাল সরকারি ডিগ্রী কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০৮ জন। পাশ করেছেন ৫১ জন। ফেল করেছেন ৫৭ জন। কেউ জিপিএ পাননি। পাশের হার ৪৭.২২ ভাগ।
গিলাতলা আবুল কালাম ডিগ্রী কলেজে পাশ করেছেন ৩৭ জন। ফেল করেছেন ৯৮ জন। জিপিএ পেয়েছেন ১ জন। পাশের হার ২৭.৪১ ভাগ।
ভাগা সুন্দরবন মহিলা কলেজে পাশ করেছেন ৬৫ জন। ফেল করেছেন ১০৯ জন। জিপিএ পেয়েছেন ৮ জন। পাশের হার ৩৬.৯৯ ভাগ।
রামপালে ৩ টি কলেজে মোট পাশের হার ৩৬.৫৪ ভাগ। যশোর বোর্ডে এবার পাশের হার ৬৮.৮৮ ভাগ হলেও সেখানে রামপালে পাশের হার প্রায় তার অর্ধেকে নেমে গেছে।
কারিগরি (বিএম) শাখায় কিছুটা ফলাফল ভালো করলেও সেটিও আশাব্যঞ্জক নয়। রামপাল সরকারি কলেজে বিএম শাখায় পাশ করেছেন ৫৭ জন। ফেল করেছেন ২৯ জন। জিপিএ পেয়েছেন ৩ জন। পাশের হার ৬৬.২৮ ভাগ। সুন্দরবন মহিলা কলেজে পাশ করেছেন ২৬ জন। ফেল করেছেন ৪ জন। জিপিএ পেয়েছেন ২ জন। পাশের হার ৮৬.৬৭ ভাগ। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছেন ১১ জন। ফেল করেছেন ২৫ জন। জিপিএ পেয়েছেন ১ জন। পাশের হার ৩০.৫৬ ভাগ। বিএম শাখায় মোট পাশের হার ৬১.৮৪ ভাগ।
উপজেলার ৭ টি মাদরাসার মধ্যে ফয়লাহাট আছিয়া আলিম মাদরাসায় পাশ করেছেন ৪৪ জন। ফেল করেছেন ৪ জন। জিপিএ পেয়েছেন ৫ জন। পাশের হার ৯১.৬৭ ভাগ। খেজুরমহল টিআর আলিম মাদরাসায় পাশ করেছেন ২৪ জন। ফেল করেছেন ৮ জন। জিপিএ পেয়েছেন ১ জন। পাশের হার ৬৮.৯৭ ভাগ। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছেন ৪০ জন। ফেল করেছেন ৭ জন। জিপিএ পেয়েছেন ৩ জন। পাশের হার ৮৫.১১ ভাগ। গোবিন্দপুর এজেএস ফাজিল মাদরাসায় পাশ করেছেন ১৪ জন। ফেল করেছেন ৪ জন। কেউ জিপিএ ৫ পাননি। পাশের হার ৭৭.৭৮ ভাগ। ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায় পাশ করেছেন ১৩ জন। ফেল করেছেন ৮ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৬১.৯০ ভাগ। মল্লিককেরবেড় ফাজিল মাদরাসায় পাশ করেছেন ১৩ জন। ফেল করেছেন ৩ জন। জিপিএ ৫ পাননি কেউই। পাশের হার ৮১.২৫ ভাগ। সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসায় পাশ করেছেন ১৭ জন। ফেল করেছেন ৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ জন। পাশের হার ৮৫ ভাগ। ৭ টি মাদরাসায় মোট পাশের হার ৮০.৯০ ভাগ।
খোজ নিয়ে দেখা গেছে, কলেজ গুলোতে লেখাপড়ার মান নিন্মগামী হওয়ায় এমন ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। অভিভাবক ও সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্বিচারে দলীয়করণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতভাবে মেধাবী শিক্ষক না নিয়ে নির্লজ্জভাবে অযোগ্যদের নিয়োগ দেয়া হয়েছে। ওই সব শিক্ষক ক্লাস মুখি না হয়ে দলীয় সভা সমাবেশ করে বেড়িয়েছেন। অভিযোগ রয়েছে অধিকাংশ শিক্ষক পাঠ দান না করে বেলা ১ টার আজানের পর পরই কলেজ ত্যাগ করেছেন। যা এখনো অব্যাহত আছে। এ ছাড়াও শিক্ষক-অভিভাবকের দূরত্ব সৃষ্টি করা, পাঠদানে আন্তরিক না থাকা, শিক্ষকদের ভেতরের কেউ কেউ দূর্নীতিতে জড়িয়ে পড়া, শিক্ষকদের মধ্যে সমন্বয়হীনতা, সরকরি কলেজের শিক্ষকদের সাংবাদিকতার নামে ক্লাসের বাইরে থাকা ও ফাঁকিবাজি করাকে দূষছেন অনেকেই।
এর থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষকদের অন্তরিক হতে হবে। শিক্ষক অভিভাবক মেলবন্ধন তৈরী করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের ফলোআপ করতে হবে। প্রতি ৩ মাস অন্তর জিবির প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কমিটি করে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদগণেরা।#

কুষ্টিয়ায় অপহরণের শিকার সেই শিশু উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকালে শিশুটিকে অপহরণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির অধীন মথুরাপুর বিওপি থেকে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। ওই গ্রামের অপহরণকারী আসাদুজ্জামান (২৬) ও জনি শেখের (২০) বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
তিনি আরও বলেন, আসামি আসাদুজ্জামানের বাড়িতে বিজিবির সুবেদার মুজিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অপহৃত শিশু তামিম হোসেনকে (৬) উদ্ধার করা হয়। অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। পরে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে অপহরণের শিকার শিশু তামিম হোসেনের অভিভাবক মেহেরপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তামিম মেহেরপুর সদরের ইসলামনগর গ্রামের জহিরুল হকের ছেলে।

শিশুটির পরিবার বলেন, তামিমকে অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে মামলা করার পর পুলিশ ও বিজিবি তামিমকে অপহরণকারীদের বাড়ি থেকে উদ্ধার করে। তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আমরা খুবই খুশি।

ঝিনাইদহে স্কুলশিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলশিক্ষক জোনাব আলী হত্যা মামলার রায়ে তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এ সময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এর মধ্যে রানা নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. ইসমাইল হোসেন। আসামি পক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী পালন
মোংলা প্রতিনিধি
’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) সকালে মোংলার মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান তিনি। তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন।
অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা।
‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন ‘দিন আসবেই দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীক’ এ। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন তিনি। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।
‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুই বছর মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনদিনে বেনাপোল দিয়ে এলো ৮০৬ টন কাঁচামরিচ
বেনাপোল প্রতিনিধি
তিনদিনে বেনাপোল বন্দর দিয়ে ৮০৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তারপরও যশোরের খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে ১৫০-২০০ টাকা। কারণ হিসেবে দুর্গাপূজার জন্য টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচামরিচের দাম। পাঁচদিন বন্দর বন্ধ থাকবে জেনে কাঁচামাল গুদামজাত করে দাম বাড়িয়েছেন আড়তদাররা।
বুধবার (১৬ অক্টোবর) সকালে বেনাপোল ও শার্শার একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগেও এসব বাজারে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৮০-১০০ টাকা কেজি। আজ তা বিক্রি হচ্ছে প্রায় ৪০০ টাকা কেজি দরে।
এদিকে বেনাপোল বন্দরে কয়েকগুণ বেড়েছে কাঁচামরিচের আমদানি। গত সোমবার একদিনে ৫০ ট্রাকে ৫৮২ টন কাঁচামরিচ আমদানি হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১২ ট্রাকে আমদানি হয় ১৪৪ টন কাঁচামরিচ। সবশেষ বুধবার বিকেল ৫টা পর্যন্ত পাঁচটি ট্রাকে ৮০ টন কাঁচামরিচ আমদানি হয়।
আমদানিকৃত এসব মরিচের ক্রয় থেকে শুরু করে শুল্ক-কর মিলিয়ে খরচ পড়ছে ৯৬-১০০ টাকা কেজি। অথচ যশোরে বিভিন্ন বাজারে তা বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা কেজি দরে।
বেনাপোল বাজারে কাঁচামরিচ কিনতে আসা জাবির হোসেন বলেন, এক সপ্তাহ আগেও মরিচ কিনেছিলাম ৯০ টাকা কেজিতে। বুধবার দেখছি ৩৮০-৪০০ টাকা কেজি। এভাবে চললে আমরা চলবো কি করে ?
আরেক ক্রেতা মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা বেনাপোল স্থলবন্দর এলাকার বাসিন্দা। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই হিসাবে তো ১০০ টাকার নিচে দাম হওয়ার কথা। অথচ এখনো আমাদের ৩৫০-৪০০ টাকা কেজিতে মরিচ কিনে খেতে হচ্ছে।
বেনাপোল বাজারের খুচরা ব্যবসায়ী রাশেদ আলী বলেন, বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। সব সবজি এবং পেঁয়াজের দামও আকাশ ছোঁয়া। তবে পূজার কারণে পোর্ট বন্ধ থাকায় বাজারের বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা মরিচ আর পেঁয়াজ মজুত করেছিলেন দাম বেশি পাওয়ার আশায়। আমদানি স্বাভাবিক হলে আবার দাম কমে যাবে।
বেনাপোল বন্দরের পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, পেঁয়াজে তেমন পড়তা না থাকায় এখন কাঁচামরিচ আমদানি করছি। বর্তমানে মরিচ আমদানি হচ্ছে বেশি। বাজারে মূল্যবৃদ্ধির ভাবটা অচিরেই কেটে যাবে। গত তিনদিনে প্রায় ৬৭ ট্রাকে ৮০৬ টন মরিচ আমদানি হয়েছে এ বন্দরে দিয়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসিন জানিয়েছেন, তারা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করছেন। ক্রয়-বিক্রয় রশিদ, মূল্য তালিকা, বাড়তি দামে পণ্য বিক্রি করা হচ্ছে কি না সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, এ বন্দরে দিয়ে ভারত থেকে তিনদিনে ৮০৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বন্দর থেকে খালাস করে নিয়ে যাচ্ছেন আমদানিকারকরা। পচনশীল পণ্য হিসেবে আমরা দ্রুত খালাস দিয়ে থাকি। দাম বাড়ার বিষয়ে আমাদের কিছু বলার নেই।

বাংলাদেশের জলসীমায় ইলিশ ধরায় ৩১ ভারতীয় জেলে আটক
পটুয়াখালী প্রতিনিধি
মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌ বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পায়রা বন্দরের জেটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী।
বানৌজা শহিদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লে. মো. মোসিউল ইসলাম বলেন, গত ১৪ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিন নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়।
আটককৃত ট্রলার দুটি ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলার। ট্রলারে মোট ৩১ জন সদস্য ছিলেন। তাদের সবাই ভারতীয় নাগরিক। পরবর্তীতে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অপু সাহা বলেন, নৌবাহিনী আটক জেলেদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। আদালতের বিচারক সিদ্ধান্ত দেবেন এই মামলার পরবর্তী কার্যক্রম কী হবে। আপাতত আলমতসহ ট্রলার ও জেলেদের থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এখন নৌবাহিনীর পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, আটক জেলেরা সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

কলেজটি থেকে পাস করলেন একমাত্র অনিয়মিত শিক্ষার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলায় গোবরদারি জর্ডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক গ্রুপে একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণ বন্ধু ঘোষ। তিনি বলেন, আমার কলেজে পরীক্ষার্থী ছিল একজন। মেয়েটি এইচএসসি পরীক্ষায় পাস করেছে।
শিক্ষার্থী রুবাইয়া খাতুনের বাবা কাজী মাশরিকুল হোসেন বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মেয়েকে মেট্রিক পাশ করাবো। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তখন কলেজে ভর্তি করতে পারিনি। পরে ২০২৩ সালে আবার একই কলেজে ভর্তি করে দেওয়া হয়। এখন খুব ভালো লাগছে, সে এই কলেজের একজন শিক্ষার্থী হয়ে পাস করেছে। খুব ভালো লাগছে।
তিনি বলেন, দিনমজুরি করে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এখন বিয়ে দিয়েছি, জামাই যদি পড়াশোনা করায় তাহলে সে পড়তে পারবে।
পরীক্ষার্থী রুবাইয়া রুবাইয়া খাতুন বলেন, আমি ২০২০ সালে গোবরদারি জর্ডিয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। মাঝে দুই বছর পরীক্ষা দিতে পারেনি। পরে ২০২৪ সালে একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছি, এজন্য আমি খুব খুশি।
তিনি বলেন, একা পড়াশোনা করাটা খুব সহজ ছিল না আমার পক্ষে। অনেকটা কঠিনই ছিল, অনেক নার্ভাস ছিলাম। তারপর পরীক্ষা দিয়েছি এখন অনেক খুশি। বাড়িতে একাই পড়াশোনা করতাম স্যারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, প্রতিষ্ঠানে যাওয়া হয়নি। এখানে আমার বাবা-মারও অনেক সাপোর্ট ছিল।
প্রতিষ্ঠানটির সম্পর্কে শিক্ষক মো. ইলিয়াস কবির বলেন, স্কুলটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় ও ২০১৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। আমরা স্কুলের ১৩ জন শিক্ষক রয়েছি। কলেজে কোনো শিক্ষার্থী নেই, আশপাশে কয়েকটি কলেজ থাকাই এই কলেজে কেউ ভর্তি হয় না।

মাগুরায় টাস্কফোর্সের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) শহরের নতুন বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে পাইকারি ও খুচরা পর্যায়ে আলু, পেঁয়াজ, কাঁচা শাক-সবজি, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ, ক্রয়-বিক্রয় রসিদ, পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় মূল্য তালিকা-যাচাই করেন তারা। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও খুচরা মূল্য না লেখা পণ্য বিক্রয়ের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং ন্যায্যমূল্যে এবং সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধিরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করছি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

গরুর সঙ্গেও শত্রুতা?
নড়াইল প্রতিনিধি
প্রান্তিক কৃষক ইসমাইল ফকির (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম চুরির ভয়ে প্রতিদিন রাতে পালাক্রমে গোয়াল খামারের পাঁচটি গরু পাহারা দিতেন। এর মধ্যে দুটি ছিল গর্ভবতী। গোখাদ্যের ভীষণ অভাবের মধ্যেও তারা ধার-দেনা করে পশু লালন-পালন করছিল। স্বপ্ন ছিল দুটি গরুর দুধ বিক্রি করে পরিবারের বাড়তি আয় হবে। কিন্তু রাতের বেলা গোয়াল ঘরে আগুন দেওয়ায় পাঁচটি গরু ও গোয়াল ঘর পুড়ে তাদের সে আশা শেষ হওয়ার পথে। মঙ্গলবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াকগ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ইসমাইল ফকির বলেন, ‘প্রতিদিনের মতো আমি ও আমার স্ত্রী বাড়ির সঙ্গে লাগোয়া গোয়াল ঘর পালাক্রমে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ রাত আড়াইটার দিকে দেখি, গোয়াল ঘরের কোনায় আগুন। তখন প্রতিবেশী নেয়ামত ফকির ও তার ছেলে আমানুল্লাহ ফকির, মানিক শেখ ও আবদুল্লাহ শেখকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখি। এ সময় চিৎকার দিলে ও পার্শ্ববর্তী মসজিদের মাইকে গ্রামবাসী ঘোষণা দিলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘গোয়ালে পেট্রল দিয়ে আগুন দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট ও ধার-দেনা করে গরুগুলো বড় করার চেষ্টা করছিলাম। এখন সব শেষ হয়ে গেল। দুটি গরুর অবস্থা আশংকাজনক। বাকিগুলোর চিকিৎসা চলছে। গোয়াল ঘরটিও পুড়ে গেছে।’
এ বিষয়ে গ্রামবাসী গোলাম মোস্তফা বলেন, ইসমাইল ফকির ও নেয়ামত ফকির একই বংশের। তারা একে অপরের নিকটাত্মীয়। দীর্ঘ বছর ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
কালিয়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পশু চিকিৎসক গরুগুলোকে চিকিৎসা দিচ্ছে। এর মধ্যে দুটির অবস্থা আশংকাজনক। মামলা এখনও হয়নি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

শিশু সুরক্ষা জোটের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা শিশু সুরক্ষা জোটের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পথশিশু ও কর্মজীবী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পথশিশুরা চিত্রাংকনের মাধ্যমে তাদের মনের কথা প্রকাশ করেছে। প্রতিটি শিশুর মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা। তাদের চিন্তা ধারাও আলাদা। সঠিক পরিচর্যা করতে পারলে পথশিশুরাও হবে দেশের সম্পদ ও আগামীর ভবিষ্যৎ। এমন একটি পৃথিবী বিনির্মাণ করে দিতে হবে, যেখানে আগামী দিনের শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। যেকোন পরিস্থিতিতে সকল পরিবেশ হবে শিশুবান্ধব।
শিশু সুরক্ষা জোটের সভাপতি শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভি বিশ^াস, কারিতাসের প্রোগ্রাম অফিসার জেমস সুকুমার মন্ডল ও শিশু সুরক্ষা জোটের সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রথম পাতায় “বিএনপি নেতা রুবেল বিশ্বাসের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তাহা আদৌ সত্য নয়। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে বিএনপি কার্যালয়ে মিথ্যা কাল্পনিক ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ পাঠিয়েছিলেন। যাহা গতকাল (১৬ অক্টোবর) পাল্টা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করেছেন। আমি কোন দোকান দখল করিনি বা করার প্রশ্নই ওঠে না। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

-মো: আতিকুর রহমান রুবেল বিশ্বস

ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সদস্য সংগ্রহের কর্মসূচির উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।
বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সদর থানার উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সদর থানার সদস্য সংগ্রহের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সন্ত্রাস মুক্ত, দখলবাজ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশপ যোগ দেয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, মুন্সি আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রহমান সবুজ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মোঃ নুর আমিন শামীম, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল-আমিন আকন, মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ নুরুল করীম, মোঃ মানসুরুল হক সিয়াম, মোহাম্মদ মিরাজ প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।

নিজ জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে মুক্তিযোদ্ধার সন্তান ও অবসরপ্রাপ্ত মেজর পরিবার
স্টাফ রিপোর্টার
নগরীর বয়রায় সাবেক সেনা কর্মকর্তার স্ত্রীর নামে থাকা বাড়ী দখল, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে। নিজ প্লট ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছি প্লটের মালিক বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ভুক্তভোগী আফসানা হোসেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আহম্মদ কবীরের স্ত্রী ও মুক্তিযোদ্ধা মরহুম শহিদুল ইসলামের কন্যা আফসানা হোসেনের নামে নামজারিকৃত বয়রা আজিজের মোড় এলাকায় ৬৩৬৭, ৬৩৬৮ ও ৬৩৬৯ নং দাগের ৩৮৮৩ খতিয়ানে সাড়ে ১২ শতক হালনাগাদ করা একটি খালি প্লট রয়েছে। এদিকে ভুক্তভোগীরা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় বিগত ৫/৬ বছর পূর্বে আজিজের মোড় এলাকার ইজিবাইক চালক মোঃ জাফর বিশ্বাস (৪৫) ওই জমিতে একটি ছাপড়া টিনের ঘর তৈরি করে বসবাস শুরু করে। পরবর্তীতে জাফর বিশ্বাসকে জায়গা ছেড়ে দিতে বললে বিভিন্ন তালবাহানা আর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকা দাবি করে।
অপরদিকে ভুক্তভোগী আফসানা হোসেন তার মালিকানাধীন প্লটটি ফিরে পেতে বিগত চার বছরে চারটি সাধারণ ডায়েরি করেন। উক্ত সাধারন ডায়রির বিপরীতে খালিশপুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা তদন্ত শেষে জাফর বিশ্বাসকে আফসানা হোসেনের দখলকৃত জায়গা ছেড়ে দিতে বললেও আওয়ামী লীগের নাম ব্যবহার করে ক্ষমতার জোরে প্লটটি এখনো পর্যন্ত না ছেড়ে উল্টো জাফর বিশ্বাস ও তার স্ত্রী সালমা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ ভয় ভীতি হুমকি দিয়ে আসছে । এ বিষয়ে গত ১৭ ই সেপ্টেম্বর পঞ্চম বারের মতো খালিশপুর থানায় আবারও একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আজ থেকে শুরু তিনদিনের লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শনিবার (অক্টোবর ১৭-১৯) পর্যন্ত এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। লালন আঁখড়াবাড়িতে জড়ো হচ্ছেন সাধু ভক্ত-অনুসারীরা।
এবারে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- লালন মঞ্চে সন্ধ্যায় আলোচনাসভা, গভীর রাত পর্যন্ত রাতে লালন মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন এলাকা হতে আগত খ্যাতনামা শিল্পীরা। আখড়াবাড়ির মাঠে এবারো বসেছে গ্রামীন মেলা। লালন শাহের মাজার খেদমতে উৎসর্গীকৃত খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, দূর দূরান্ত থেকে এখানে আগত ভক্তরা মনে করেন, দুই হাজার বছর পূর্বে দার্শনিক সক্রেটিসের সেই বিখ্যাত ‘বানী নো দাই সেলফ’ এর মতো মর্মকথা যেভাবে মানুষের মনে দাগ কেটেছিলো এবং বিশ্ব সভ্যতার ক্রমবিকাশকে প্রভাবিত করেছিলো। এতোকাল পরে এসে আধ্যাত্মিক চিন্তার দার্শনিক মহামতি লালনের সংগীত ও ধর্ম-দর্শনও একই ভাবে দেশ-বিদেশে মুক্ত চিন্তক গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও এর আগে কার্যত বাউল সাধক ফকির লালন শাহের জীবদ্দশা থেকে চলে আসা দোল উৎসব এবং তিরোধান দিবস স্মরণে(১লা কার্তিক ১২৯৭) কে (১৭৭৪-১৮৯০) ঘিরে এই আধ্যাত্মিক দর্শনের গুরু লালন শাহের ভক্ত অনুসারীরা একেবারেই নিজস্ব ঘরানার রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাঁইজিকে স্মরণ করতে এদিনটির জন্য অপেক্ষা করেন। তারই বাধভাঙা সাধুর জোয়াড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাইজির তীর্থ ধাম।
লালন শাহের ১৩৪তম স্মরণোৎসব উদযাপনে ৩দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও লালন একাডেমীর সভাপতি মোছা: শারমিন আক্তার।

গয়েশ্বরের নামে করা মানহানির মামলা খারিজ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ নামে এক ব্যক্তি।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বাদী দাবি করেছিলেন, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। পরে তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়। ঘটনার দুদিন পর ২৭ ডিসেম্বর সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন আশিক বিল্লাহ নামে ওই ব্যক্তি।
পরে এ ঘটনায় আশিক বিল্লাহ বাদী হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মানহানির মামলার আবেদন করেন। আদালত এটি আমলে নিয়ে নড়াইল সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর আদালতে গয়েশ্বরকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে। তবে দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় বুধবার মামলাটি খারিজ করে দেন আদালত।

শিরোমণি গণসেবা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গনসেবা সংস্থা কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক গতকাল বিকাল ৪ টায় শিরোমণি দক্ষিণপাড়া আসলাম শেখের বাড়ীর উঠানে অনুষ্ঠিত হয়। গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক পরিচালনা করেন গণসেবা সংস্থার সমন্বয়কারী আকলিমা খাতুন রিমি। বক্তৃতা করেন গনসেবা সংস্থার সদস্য ইয়াসমিন আক্তার সাথী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । উঠান বৈঠকে ২৭ জন নারী অংশগ্রহণ করেন উক্ত নারীরা বাল্যবিবাহ সম্পর্কে অবহিত হন এবং তাদের সন্তানদের বাল্যবিবাহ দেবে না বলে অঙ্গীকার করেন।

ভারতে পালানোর সময় শেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি
ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ওই নেতার নাম চন্দন কুমার পাল (৭১)। তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটক চন্দন কুমার পাল শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্রের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি পাসপোর্টে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১২/০৮/২০২৪ইং।আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে শেরপুর সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূয়া জানান, তাদের কাছে গোপন খবর ছিল শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে।পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে ইমিগ্রেশনের মধ্যে ওত পেতে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে গেলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি শেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।