ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর)) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, গাজী হাফিজুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।











































