Home খেলাধুলা শ্রীলঙ্কাগামী এইচপি স্কোয়াডে আকবর আলীসহ এক ঝাঁক যুবা

শ্রীলঙ্কাগামী এইচপি স্কোয়াডে আকবর আলীসহ এক ঝাঁক যুবা

7

ক্রীড়া প্রতিবেদক

আকবর আলী, তৌহিদ হৃদয়, অভিষেক দাস, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, সাহাদাত হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসানরা নিজেদের খানিক দুর্ভাগা ভাবতেই পারেন।
যুবাদের বিদেশি কোচের অধীনে বিশেষ ট্রেনিং করানো হবে, তাদের একটা সেটআপে ধরে রেখে বাইরে খেলতে পাঠানোর পরিকল্পনার কথাও বলা হয়। কিন্তু করোনা সব থামিয়ে দিয়েছে। যুবাদের কোনোরকম ট্রেনিং কার্যক্রমেও অংশ নেয়া হয়নি। তারা নিজেদের উদ্যোগে যার যার মত করে ফিজিক্যাল ট্রেনিং করছেন, কেউ কেউ বোলিং-ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন। কিন্তু টিম প্র্যাকটিস বা দল বেঁধে একজন ভালো কোচের অধীনে রুটিন ট্রেনিং শিডিউল মেনে নিজেদের প্রস্তুত করার সুযোগ আর জোটেনি। সবাই ক্রিকেটকে মিস করছেন। অবশেষে সোনার ছেলেদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ভেতরের খবর, আগামী মাসের তৃতীয় সপ্তাহে এইচপির যে বহর শ্রীলঙ্কায় ট্রেনিং করতে এবং লঙ্কান একাডেমি ও হাই পারফরমেন্স ইউনিটের সাথে সিরিজ খেলতে যাবে, সেখানে বিশ্ববিজয়ী যুবাদের একটা বড় অংশ থাকছে।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা হাই পারফরমেন্স ইউনিটে (এইচপি) ২৬ জনের দল পাঠাতে যাচ্ছি শ্রীলঙ্কায়। তারা আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাবে।’ সেই ২৬ জনের ৫০ থেকে ৬০ ভাগ ক্রিকেটারই থাকবেন বিশ্ববিজয়ী যুব দলের সদস্য। কারো নাম উল্লেখ না করে প্রধান নির্বাচক বলেন, ‘অন্তত ১২ থেকে ১৪ জনকে রাখার চিন্তাভাবনা আছে। এখনো আমরা এইচপি স্কোয়াড চূড়ান্ত করিনি। আশা করছি আগামী দু’ থেকে তিন দিনের ভেতরে স্কোয়াড চূড়ান্ত হয়ে যাবে। তবে এটা ঠিক যে, বিশ্ব যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া বহরের বড় অংশই থাকবে এইচপিতে। তারা শ্রীলঙ্কা গিয়ে আবাসিক অনুশীলন করবে। পরে লঙ্কান একাডেমি আর হাই পারফরমেন্স ইউনিটের সাথে ম্যাচ খেলবে।’

লিওঁকে হারিয়ে ফাইনালে বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

প্রথমে জুভেন্টাস, এরপর ম্যানচেস্টার সিটি দুই হট ফেবারিটকে বিদায় করে দেওয়া অলিম্পিক লিওঁ ছিল ফাইনালের স্বপ্নে বিভোর। বুঝতে পারছিল বায়ার্ন মিউনিখ বাধা পেরোতে কঠিন পথ পাড়ি দিতে হবে, এরপরও আগের দুই ম্যাচের ফল আত্মবিশ্বাস জোগাচ্ছিল তাদের ভীষণভাবে। তবে এবারের মৌসুমের বায়ার্ন আলাদা। তাদের সামনে সবকিছুই খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বিস্ময় জাগানো লিওঁ-ও পাত্তা পেলো না।
বুধবার রাতের সেমিফাইনাল সের্গে জিনাব্রির জোড়ায় ৩-০ গোলে জিতে ১১তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়নরা। সাত বছর পর আবারও ইউরোপসেরা মঞ্চে বায়ার্ন। ২০১২-১৩ মৌসুমে সবশেষ উঠেছিল ফাইনালে। সেবার বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপাও জিতেছিল ব্যাভারিয়ানরা। এবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তাদের বাধা প্যারিস সেন্ত জার্মেই। আগের রাতে আরবি লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে প্যারিসের কাবটি। আগামী রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে বায়ার্ন-পিএসজি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ম্যান সিটিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল লিওঁ। ওই ম্যাচে পেপ গার্দিওলার ট্যাকটিকস নিয়ে কঠোর সমালোচনা হয়েছে। তবে ফরাসি কাবটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কেননা লিসবনের এস্তাদিও দা লুজে বায়ার্নকেও শুরু থেকে চেপে ধরেছিল তারা। চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়া সুযোগও তৈরি হয়, কিন্তু অধিনায়ক মেমফিস দেপেই পাশের নেটে মেরে হতাশ করেন। এর চেয়েও বেশি হতাশ করেছেন কার্ল তোকো একাম্বি। বায়ার্ন গোলকিপার মানুয়েল নয়ারকে কাটিয়েও বল গোলমুখে রাখতে পারেননি। তবে বায়ার্ন ভুল করেনি। ম্যাচের প্রথম সুযোগটাই কাজে লাগিয়েছে তারা। ১৮তম মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন জিনাব্রি। ডানপ্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে এসে ডি বক্সের দাগের ঠিক সামনে থেকে বাঁ পায়ের শটে করেন দেখার মতো এক গোল। ২৫ বছর বয়সী এই উইঙ্গারই ব্যবধান দ্বিগুণ করেন ৩৩ মিনিটে। ইভান পেরিসিচের ক্রস রবার্ত লেভানদোভস্কির পায়ে ঠিকমতো না লাগলে লিওঁ গোলকিপার প্রতিহত করেন, কিন্তু বল হাতে জমাতে না পারায় সামনে থাকা জিনাব্রি পায়ের আলতো ছোঁয়ায় জড়িয়ে দেন জালে।
প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া লিওঁর জালে শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে আরেকবার বল জড়ান লেভানদোভস্কি। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের টানা নবম ম্যাচে গোল পেলেন পোলিশ স্ট্রাইকার। একই সঙ্গে এবারের প্রতিযোগিতায় নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ১৫-তে।

পুরস্কার পেলেন সাফজয়ী পাঁচ নারী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ সাফল্যের কারণে মেয়েদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছিল জনতা ব্যাংক। ওই সময় ১৮ ফুটবলার মেয়েকে পুরস্কার দেয়া হয়েছিল। বাদ পড়েছিলেন ৫ জন। সেই ৫ নারী ফুটবলারকে গতকাল বৃহস্পতিবার পুরস্কার প্রদান করেছে ব্যাংকটি।
মতিঝিলস্থ জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচ নারী ফুটবলারের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দিয়েছেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজার মো. জয়নাল আবেদীন। এ সময় ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনও। আর্থিক পুরস্কার পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন- সাগরিকা, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার ও পারভীন সুলতানা। প্রত্যেক ফুটবলারকে ২৫ হাজার টাকার চেক এবং সে সাথে উপহার সামগ্রী প্রদান করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তারা।

শ্রীলঙ্কায় যাওয়ার পরই টেস্ট দল চূড়ান্ত করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল চূড়ান্তকরণ নিয়ে ঝামেলার মাঝে পড়ে গেছেন নির্বাচকরা। যেহেতু গত ৫ মাস তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা খেলার মাঝে নেই। তাই প্রস্তুতি ম্যাচ দেখেই দল চূড়ান্তকরণের কথা জানিয়েছেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে বর্ধিত প্রাথমিক দল নিয়েই যাবো। যাওয়ার পর আমরা টেস্টের মূল দল ঘোষণা করবো। আগে দেখতে হবে ছেলেরা কীভাবে নিজেদের মানিয়ে নেয়।’ মিনহাজুল আবেদীন আরও জানিয়েছেন, তারা ৩৮ জনের প্রাথমিক একটা দল তৈরি করেছেন। যাদের সবাইকেই করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সঙ্গে আরও বলেছেন, ‘যেহেতু আমাদের সঙ্গে ২৪ জনের হাইরপরফরম্যান্স দলটিও যাচ্ছে। তাই কোনও ধরনের জরুরি প্রয়োজন হলে সেখান থেকেও কাউকে দলে নেওয়া যাবে।’

পাইওনিয়ারের খেলোয়াড়রা পেলো ২ হাজার মাস্ক

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের থাবা থেকে দূরে থাকার জন্য পাইওনিয়ার ফুটবল লিগের খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে আর কিউব ফাউন্ডেশন। খেলোয়াড়দের জন্য ২ হাজার মাস্ক উপহার দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার ২ হাজার মাস্ক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে তুলে দিয়েছে ফাউন্ডেশনটির কর্মকর্তারা।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আর কিউব্ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আর কিউব ফাউন্ডেশন পাইওনিয়ার লিগ কাবগুলির প্রত্যেক খেলোয়াড়কে মাস্ক দিয়ে সাহায্য করেছে। এটি কাব এবং খেলোয়াড় উভয়ের জন্য উপকারী হবে বলে মনে করি। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)পক্ষ থেকে আর কিউব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।’

টাইগারদের ব্যাটিং পরামর্শক হবেন ম্যাকমিলান

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টেস্ট ব্যাটিং পরামর্শক হতে পারেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। তবে যদি টাইগারদের নিয়মিত ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি শ্রীলঙ্কা সফরে যেতে রাজি না হন, তাহলেই কেবল সাবেক কিউই ব্যাটিং কোচের দিকে হাত বাড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৯ সালে বাংলাদেশ দলের ভারত সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে ছিলেন ম্যাকেঞ্জি। তবে এবার শ্রীলঙ্কা সফরে তার যাওয়ার সম্ভাবনা কম। কারণ, কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে এবং প্রস্তুতির জন্য এবার প্রায় এক মাস আগেই শ্রীলঙ্কায় গিয়ে হাজির হবে টাইগাররা। ম্যাকমিলানকে ‘সংক্ষিপ্ত সময়ের জন্য’ ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন। তিনি আরও জানান, আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে থাকার জন্য ম্যাকেঞ্জিকে রাজি করানোর চেষ্টা করছেন তারা।

শুরু হচ্ছে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের কারণে লম্বা সময় খেলাধুলার বাইরে ছিল বিভিন্ন ফেডারেশনের অ্যাথলেটরা। সম্প্রতি দশ শর্ত মেনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা চালুর অনুমতি দিয়েছে। সেগুলো মেনে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে প্রতিযোগিতা। সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে ‘ওয়ালটন রেফ্রিজারেটর আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০২০’। যেখানে বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশ নিবেন।
এ বিষয়ে বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী মাসের ৩ তারিখ থেকে জাতীয় ক্রীড়া পরিষদে শুরু করতে যাচ্ছি আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো শতভাগ মানা হবে। পুমসে একটা একক প্রতিযোগিতা। যেখানে সামাজিক দূরত্ব যথাযথভাবে মানা যায়। এ ছাড়া এই প্রতিযোগিতায় আমরা কোনো দর্শক প্রবেশের অনুমতি দিবো না। কারো সঙ্গে কোনো গেস্ট আসতে পারবে না। এ ছাড়া প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে যাদের জ্বর কিংবা সর্দি-কাশি আছে তারা যেন নিবন্ধন না করে। আর যারা অংশ নিবে তাদের অবশ্যই মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকতে হবে। অবশ্যই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে।’

সেপ্টেম্বরেই দলবদল চাইছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল যখন মাঠে থাকার কথা তখনই সব এলোমেলো করে দিয়েছে করোনাভাইরাস। গত মার্চ থেকেই মাঠের বাইরে ফুটবলাররা। ফুটবল মৌসুম পরিত্যক্ত। এ অবস্থায় নড়েচড়ে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সামনেই ফুটবল মাঠে ফেরানোর কথা ভাবছে তারা। সেপ্টেম্বরের মধ্যেই দলবদল শুরুর পরিকল্পনা করছে বাফুফে।
যদিও গত মৌসুমেরই পাওনা বুঝে পাননি ফুটবলাররা। এ অবস্থায় আগের হিসাব না মিটিয়ে নতুন করে লিগ শুরু করতে পারছে না বাফুফে। দলবদলের তারিখ ঠিক করার আগে কাব ও ফুটবলার, দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে বাফুফে’র প্রফেশনাল লিগ কমিটি। প্রিমিয়ার লিগের কাবগুলোর সঙ্গে গতকাল বৃহস্পতিবার সভায় বসে প্রফেশনাল লিগ কমিটি। যেখানে মোহামেডান ও ব্রাদার্স ছাড়া বাকি ১১ কাবের প্রতিনিধিরা হাজির ছিলেন। আরামবাগের বাফুফে ভবনের সভায় কাবগুলো দ্রুত নতুন মৌসুম শুরুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
সভা শেষে জানিয়েছেন বাফুফে’র সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানালেন, ‘কাবগুলোকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমরা। ফুটবল মৌসুম শুরুর ব্যাপারে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। তবে দুই পক্ষের মধ্যে পারিশ্রমিক নিয়ে একটা ব্যাপার ঝুলে আছে। সেটির যৌক্তিক সমাধান দিতে হবে। দুই পক্ষই ফুটবলের স্বার্থে ছাড় দেবে আশা করছি।’

সিরিজ জয়ের লক্ষ্যে ইংল্যান্ড মাঠে নামবে আজ

ক্রীড়া প্রতিবেদক

দুই টেস্ট শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল ইংলিশরা। বৃষ্টির কারণে সাউদাম্পটনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র’তে শেষ হয়।
আজ শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের লক্ষ্য জয় বা ড্র। জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে জো রুটের দল। আর ড্র করলে ১-০ ব্যবধানে সিরিজ জিতবে তারা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়াতে মরিয়া পাকিস্তান। গেল ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের জন্য তৃতীয় ও শেষ টেস্ট জিতে দেশকে জয় উপহার দিতে চায় পাকিস্তান। তাতে ইংল্যান্ডের মাটিতে টানা তৃতীয়বারের মত সিরিজ ড্র’তে শেষ করার নজির গড়বে পাকিস্তান। অবশ্য ১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে টানা তিনটি সিরিজ জয়ের রেকর্ডও রয়েছে পাকিস্তানের। সাউদাম্পটনে শুক্রবার ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু ১২ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

ঘোষিত হলো ২০২০-২০২১ ইংলিশ প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। আর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি অনুযায়ী লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যানফিল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে নতুন মৌসুমে ইপিএল শুরু হবে। দীর্ঘ ১৬ বছর পর লিগে প্রত্যাবর্তন করতে চলা লিডসের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে জার্গেন কপের দল।
১২ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছর ২৩ মে শেষ হবে শেষ হবে ২০২০-২০২১ ইংলিশ প্রিমিয়র লিগ। আসন্ন মৌসুমে লিগে কোনও শীতকালীন বিরতি থাকছে না। করোনার জেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা শেষ হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের চালু হয়ে যাচ্ছে লিগ। আগামী বছর ১১ জুন শুরু হচ্ছে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া ইউরো। প্রিমিয়ার লিগ শেষ করেই ইউরোতে অংশগ্রহণ করতে চলা আন্তর্জাতিক তারকারা যোগ দেবেন জাতীয় দলে।

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের সঙ্গে সম্পর্ক নেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। ঘরে বসে থেকে থেকে খেলাটাই না আবার ভুলে যায় তারা! যে কারণে তাদের ফিটনেস ফিরিয়ে আনা কিংবা ফর্ম তৈরি করার জন্য একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করতে চায় প্রোটিয়া ক্রিকেট বোর্ড (সিএসএ)।
সে লক্ষ্যে ৩২জন ক্রিকেটারের একটা পুল তৈরি করেছে সিএসএ। ক্যাম্প শুরুর আগে সেই ৩২ ক্রিকেটারের সঙ্গে সাপোর্ট স্টাফসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করা হলো। ফল হাতে আসতেই জানা গেলো, দুই ক্রিকেটার করোনা পজিটিভ। তবে, সিএসএ তাদের নাম প্রকাশ করেনি। ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে ১৮ আগস্ট থেকে করোনা টেস্ট শুরু হয়েছে। কুকুজায় টেস্ট চলবে ২২ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত যাদের টেস্ট করা হলো, তাদের মধ্য থেকেই দুই জনের রেজাল্ট পজিটিভ বলে জানা গেছে। যাদের রেজাল্ট পজিটিভ এসেছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

২০২৩ সালে অবসর নেবেন ফিঞ্চ

ক্রীড়া প্রতিবেদক

করোনার প্রকোপের সময়টা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ক্যারিয়ারের ইতি টানার সময় নিয়ে ভাবতে বাধ্য করেছে। এই ডানহাতি ব্যাটসম্যান অবসর নেওয়ার জন্য লক্ষ্য ঠিক করেছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে।
কিছুদিন আগে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছিলেন করোনাভাইরাস তাকে অবসর নিয়ে ভাবতে বাধ্য করছে। খুব বেশি আর ক্রিকেট মাঠে না থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের সঙ্গী ফিঞ্চ তো অবসরের নির্দিষ্ট দিনক্ষণই জানিয়ে দিলেন। ক্রিকেটারদের কাছে বিশ্বকাপ জয়ই সবচেয়ে বড় সাফল্য। ফিঞ্চও সেটাকেই অবসরের লক্ষ্য হিসাবে দাঁড় করিয়েছেন। ফিঞ্চের বয়স এখন ৩৩, পরবর্তী বিশ্বকাপের সময় ফিঞ্চের বয়স হবে ৩৬। নিজের লক্ষ্য ঠিক করে ফেললেও ফিঞ্চ জানেন, তার আগে নিজেকে রাখতে হবে ফিট, ধরে রাখতে হবে দলে জায়গাও। দুইয়ে, দুইয়ে চার মিলে গেলেই বিশ্বকাপের ফাইনালই হবে ফিঞ্চের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।