Home খেলাধুলা ইনিয়েস্তার বিদায়ে মেসির আবেগঘন বার্তা

ইনিয়েস্তার বিদায়ে মেসির আবেগঘন বার্তা

26


স্পোর্টস ডেস্ক

২২ বছরের ক্যারিয়ারের ইতি টেনে বুটজোড়া তুলে রাখলেন আন্দ্রেস ইনিয়েস্তা। অবসর সিদ্ধান্ত নেয়ার পর থেকেই সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের শুভকামনা বার্তা পাচ্ছেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ইনিয়েস্তা। জাপানের ক্লাব ভিসেল কোবে ছেড়ে গত বছরের অগাস্টে এক বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল তার। তবে ক্যারিয়ার আর বড় করেননি তিনি।

ইনিয়েস্তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে বিবেচনা করা হয়। তিনি ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন। এরপর ২০১৮ পর্যন্ত তিনি লাল-নীল জার্সি গায়েই খেলেছেন। এরপরই জাপানে পাড়ি দেন।

ইনিয়েস্তা ক্লাব ফুটবলে লিওনেল মেসি, জাভি, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজদের মতো বড় তারকাদের সঙ্গে খেলেছেন। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, সর্বত্র সমান দক্ষতায় নিজেকে মেলে ধরেছেন। তার অবসরের সিদ্ধান্ত একটি যুগের অবসান।

এদিকে সাবেক এই সতীর্থের অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে লিওনেল মেসিকেও। বার্সেলোনায় মেসির একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ার পেছনে দারুণ ভূমিকা রেখেছিল জাভি-ইনিয়েস্তার জুটি। সেই সতীর্থ-বন্ধুর অবসরের ঘোষণায় বার্তাও দিয়েছেন মেসি। সেই বার্তায় আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, ‘ফুটবল ইনিয়েস্তাকে মিস করতে যাচ্ছে।’

বার্তায় মেসি লিখেছেন, ‘আন্দ্রেস (ইনিয়েস্তা) তুমি সেই সতীর্থদের একজন, যার কাছে সবচেয়ে বেশি জাদু ছিল…তাদের একজন, যার সঙ্গে আমি খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি।’

এরপর আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘ফুটবল তোমাকে মিস করতে যাচ্ছে, একই সঙ্গে আমরাও। তোমার জন্য সবসময় শুভকামনা, তুমি একজন ফেনোমেনন।’

নিজ দেশ স্পেনের অনূর্ধ্ব ১৫ থেকে অনূর্ধ্ব ২১ পর্যন্ত সব বয়স ভিত্তিক দলের হয়েছে খেলেছেন তিনি। স্পেনের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইনিয়েস্তা।