স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে ব্যর্থতার টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। ভারতের গোয়ালিয়রে আজ মাঠে গড়াচ্ছে ৩ ম্যাচের সিরিজের প্রথমটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
স্বাগতিক দলে অভিষেক হয়েছে দুইজনের। প্রথমবারের মতো নীল জার্সিতে খেলতে যাচ্ছেন হার্ড হিটার ব্যাটার নীতীশ কুমার রেড্ডি ও গতিময় পেসার মায়াঙ্ক যাদব। ৩ বছর পর দলে ফিরেছেন লেগ স্পিনার বরুন চক্রবর্তী।
অন্যদিকে, অবসর নেওয়ায় সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবের বিকল্প হিসেবে দলে ফিরেছেন বিশ্বকাপে না থাকা মেহেদী হাসান মিরাজ। সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের। একাদশে ফিরেছেন জাকের আলি আর শরিফুল ইসলামও। এদিকে, সাকিব ছাড়াও সবশেষ ম্যাচের একাদশে থাকাদের মধ্যে জায়গা হয়নি তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের। এদের মধ্যে স্কোয়াডেই নেই সৌম্য সরকার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। তাতে জয় মাত্র একটি। সেটি এসেছিল ২০১৯ সালে, দিল্লিতে। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে সে ম্যাচে ৫০ রানে হেরেছিল বাংলাদেশ। আর ভারতের মাটিতে ২০১৯ সালের পর ফের মুখোমুখি হচ্ছে দুদল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত ম্যাচ দিয়েই এই সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ খেলা ৩ ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছেন টাইগাররা। তবে এবার হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ।
দুই দলের একাদশ
ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আরশদীপ সিং।
বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।










































